ঢাকাসহ ১৯ জেলায় কালবৈশাখীর শঙ্কা, কমছে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ২০:৫৫
ঢাকাসহ দেশের ১৯টি জেলায় ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন,
রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর,
কুষ্টিয়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট
জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির
সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা
হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে
রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়
অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির ধারা আগামীকাল
২৯ মার্চও অব্যাহত থাকতে পারে। মূলত বিকেল বা সন্ধ্যা থেকে রাতের দিকে বৃষ্টির তীব্রতা
বাড়ার সম্ভাবনা রয়েছে।
গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টির
প্রভাবে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা
ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে ৪.৯ ডিগ্রি সেলসিয়াস
কম। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ ও যশোরে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস
এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৭ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশের সর্বোচ্চ ৪১
মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। এছাড়া রংপুর ও নীলফামারীতেও উল্লেখযোগ্য
পরিমাণ বৃষ্টি হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম
দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে
দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা
ছিল ৫৯ শতাংশ। আবহাওয়া অফিস বলছে, আজ থেকে কাল নাগাদ তাপমাত্রা আবারো বাড়তে শুরু করতে
পারে।

