Logo

ক্যাম্পাস

রুয়েট হলে মাদক সেবনের অভিযোগ, চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৯:০৫

রুয়েট হলে মাদক সেবনের অভিযোগ, চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল

সংগৃহীত

রাবি প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি আবাসিক হলে মাদক সেবনের অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চার শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কিছু পরিমাণ গাঁজাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

ঘটনার পরপরই প্রশাসন চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত নেয়। তাদের মঙ্গলবারের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আবাসিকতা বাতিল করা হয়েছে। ছাত্রকল্যাণ দপ্তরের এখতিয়ার অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আপিল করতে পারবেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকসহ যেকোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন