রাজধানীতে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১৫:৩৩
রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলের বয়লার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামপুরের আরআরএম স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
দগ্ধরা হলেন- মো. হিরা (৩৫), মানিক মিয়া (৪৫), খলিলুর রহমান (৫৬), রজব আলী (২৯), মতিউর রহমান (২২), এরশাদ মিয়া (৪৫), লিটন (৩২) ও ইউসুফ (৪০)। তারা সবাই ওই স্টিল মিলের শ্রমিক।
দগ্ধ শ্রমিকরা জানান, সকালে তারা কারখানার বয়লারে লোহা গলানোর কাজ করছিলেন। ভালো লোহার সঙ্গে কিছু নিম্নমানের লোহা বয়লারে দেওয়ার কারণে বিস্ফোরণ ঘটে। এতে গলিত লোহা ছিটকে তাদের শরীরে পড়ে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মানিক মিয়ার শরীরের ৪০ শতাংশ এবং মো. হিরার ১৭ শতাংশ পুড়ে গেছে। বাকিদের শরীরের ৪ থেকে ১১ শতাংশ পুড়েছে। মানিক মিয়াকে ভর্তি করা হয়েছে এবং হিরাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

