Logo

সারাদেশ

তরুণরা রাজনীতি সচেতন হলে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত হবে : মঞ্জু

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৮:৫৮

অ
তরুণরা রাজনীতি সচেতন হলে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত হবে : মঞ্জু

ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : বাংলাদেশের খবর

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, তরুণরা রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার কারণে রাষ্ট্র বারবার দুর্বৃত্তের কবলে নিপতিত হয়েছে। তাই তরুণদের উচিত রাষ্ট্র পরিচালনার বিষয়ে জ্ঞানার্জন করা। তরুণরা রাজনীতি সচেতন হলে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত হবে।

বুধবার (৩০ জুলাই) ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে এবি পার্টির ফেনী জেলা শাখা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল। সভাটি পরিচালনা করেন প্রভাষক ফজলুল হক।

গত বছরের ভয়াবহ বন্যায় ফেনীতে স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল অনন্য। মতবিনিময়কালে স্বেচ্ছাসেবক নেটওয়ার্কের সদস্যরা তাদের নানা সমস্যা ও উদ্যোগ নিয়ে মঞ্জুর সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের বিভিন্ন স্থানে দুর্যোগকালে তরুণরা যেভাবে এগিয়ে আসে তা খুবই আশাব্যঞ্জক। এই তরুণরা রাজনীতিকে অপছন্দ করে। তাই তারা রাজনীতি থেকে দূরে থাকতে চায়। দুর্নীতিবাজ রাজনীতিবিদেরা নামকাওয়াস্তে ত্রাণ তৎপরতা চালিয়ে স্বেচ্ছাসেবকদের খুশি রাখে।

তিনি বলেন, তরুণরা রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার কারণে রাষ্ট্র বারবার দুর্বৃত্তের কবলে নিপতিত হয়। তরুণদের রাষ্ট্র পরিচালনার বিষয়ে জ্ঞানার্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণরা রাজনীতি সচেতন হলে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত হবে।

এবি পার্টি ফেনী জেলার আহ্বায়ক মাস্টার আহছান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবি সিদ্দিক, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, ফেনী পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য সচিব অধ্যাপক রিজওয়ানুল খায়ের, সদর উপজেলা সদস্য সচিব সাইদ খান, যুগ্ম সদস্য সচিব রোটারিয়ান নজরুল ইসলাম সবুজ, এবি যুব পার্টির ফেনী জেলার আহ্বায়ক শফিউল্লাহ পারভেজ, সদস্য সচিব এস এম ইব্রাহিম সোহাগ, নারী নেত্রী জোহরা আক্তার ডলি প্রমুখ।

এম. এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন