Logo

সারাদেশ

তারেক রহমানের উপহার নিয়ে দগ্ধ বিএনপি নেতাকে দেখতে লক্ষ্মীপুরে রিজভী

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯

তারেক রহমানের উপহার নিয়ে দগ্ধ বিএনপি নেতাকে দেখতে লক্ষ্মীপুরে রিজভী

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে এসেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেলাল হোসেনের হাতে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে রুহুল কবির রিজভী হাসপাতালে এসে বেলাল হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

হাসপাতালে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি দেখে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন বেলাল হোসেন। পরে রুহুল কবির রিজভী ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তার কাছে ঘটনার বিস্তারিত জানতে চান। বেলাল হোসেন আগুন লাগার সময়ের ভয়াবহ পরিস্থিতি ও পরিবারের ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন। এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বেলাল হোসেনকে চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ এবং আগুনে ক্ষতিগ্রস্ত বসতঘর পুনর্নির্মাণের ব্যবস্থা করার আশ্বাস দেন।

পরে কেন্দ্রীয় নেতারা লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলাল হোসেনের বসতঘর পরিদর্শনে যান। সেখানে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় রুহুল কবির রিজভীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এদিকে কে বা কারা বেলাল হোসেনের বসতঘরে আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দুর্বৃত্তায়ন, সংঘবদ্ধ হামলা কিংবা বাইরে থেকে তালা মেরে আগুন লাগানোর কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি। ঘটনার দুই দিন পার হলেও এখনো কোনো মামলা হয়নি।

আগুনে বেলাল হোসেনের শিশু কন্যা আয়েশা আক্তার (৮) মারা যায়। গুরুতর দগ্ধ তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দগ্ধ অপর মেয়ে সামিয়া আক্তার বিথির (১৪) শরীরের আঘাত তুলনামূলকভাবে কম।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত মামলা গ্রহণ, প্রকৃত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মোস্তাফিজুর রহমান টিপু/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর