Logo

সারাদেশ

শিবগঞ্জে জুট মিলে কর্মরত তরুণীকে ধর্ষণের অভিযোগ

Icon

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৯:১৪

শিবগঞ্জে জুট মিলে কর্মরত তরুণীকে ধর্ষণের অভিযোগ

শিবগঞ্জে জুট মিলে কর্মরত এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার ওই তরুণী প্রায় দুই মাস আগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। কাজের সুবাদে তিনি ওই গ্রামের ডিপুল ওরফে বিপুলের বাড়িতে ভাড়ায় থাকতেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ ডিসেম্বর দিবাগত রাতে বাড়ির মালিক ডিপুল ওরফে বিপুল (৩০) ও তার সঙ্গে থাকা অজ্ঞাত আরও দুই ব্যক্তি ভুক্তভোগীর কক্ষে প্রবেশ করেন। এ সময় তারা ভুক্তভোগীর মুখ গামছা দিয়ে চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

ঘটনার পর ভয়ে কাউকে কিছু না জানিয়ে ভুক্তভোগী নিজ বাড়িতে চলে যান। পরে বিষয়টি বাবাকে জানালে স্থানীয়দের পরামর্শে শনিবার দিবাগত রাত ১২টার দিকে শিবগঞ্জ থানায় এসে তিনি মামলা দায়ের করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

নুসরাত জাহান/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন