Logo

সারাদেশ

ব্রি’র প্রকল্পে খাগড়াছড়িতে ২৫ কৃষক পেলেন কৃষি উপকরণ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৮:৩৫

ব্রি’র প্রকল্পে খাগড়াছড়িতে ২৫ কৃষক পেলেন কৃষি উপকরণ

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে ‘ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণার উন্নয়ন’ (এলএসটিডি) প্রকল্পের আওতায় চারটি উপজেলায় কৃষকদের মধ্যে ধান চাষের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি পালিত হয়।

এলএসটিডি প্রকল্পের অর্থায়নে খাগড়াছড়ির মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি ও রামগড় উপজেলায় ২৫ একর জমিতে প্রায়োগিক পরীক্ষণের জন্য ২৫ জন কৃষকের মধ্যে ধান চাষের উপকরণ দেওয়া হয়।

খাগড়াছড়ি ব্রি আঞ্চলিক কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. সিরাজুল ইসলাম।

বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে ইউরিয়া, এমওপি, ডিএপি, জিপসাম, জিংক সালফেট, কীটনাশক, ছত্রাকনাশক এবং সাইনবোর্ড।

প্রধান অতিথি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বোরো মৌসুমে পাহাড়ি অঞ্চলে চাষের জন্য ব্রি উদ্ভাবিত ধান-১০০, ধান-১০২, ধান-১০৪, ধান-১০৮ ও ধান-১১৪ জাতগুলো উচ্চ ফলনশীল ও সম্ভাবনাময়। সঠিক সময়ে রোপণ ও পরিচর্যা নিশ্চিত করলে কৃষকরা ভালো ফলন পাবেন।’

তিনি ধানচাষে ব্লাস্ট রোগ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোরও পরামর্শ দেন।

উপজেলা কৃষি কর্মকর্তাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতা করে।

কৃষকরা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

ছোটন বিশ্বাস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর