ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁওয়ে নেশা সংক্রান্ত বিরোধের জেরে ভাঙা কাঁচের আঘাতে মইজুল ওরফে কালু (১৬) নামে এক পথশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হামিদুল নামের এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে তেজগাঁও থানার সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মইজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মইজুলকে হাসপাতালে নিয়ে আসা পথশিশু মো. আমিন জানান, সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে নেশা করা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। একপর্যায়ে হামিদুল ভাঙা কাঁচের টুকরা দিয়ে মইজুলের ঘাড়ের বাম পাশে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মইজুল তেজগাঁওয়ের কাওরান বাজার এলাকায় থাকত এবং ভাঙারি সংগ্রহের কাজ করত। ঘটনার পর হামিদুলকে তেজগাঁও থানায় আটক করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এএস/

