রাজশাহীতে ঈদগাহ ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:৩০
ছবি: সংগৃহীত
রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মো. আলাউদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তিনি বিএনপির কর্মী ছিলেন বলে জানা গেছে।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাকোঁয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ওই গ্রামের মৃত মালা বক্সের ছেলে।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) সাবিনা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, এদিন ঈদের নামাজ কোন ইমাম পড়াবেন তা নিয়ে আলোচনা সভা ডাকা হয়। সভায় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উভয়পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়ার বিষয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেন।
সংঘর্ষ চলাকালীন আলাউদ্দিন তার ছেলেদের সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বিএনপির কর্মী হলেও তার ছেলেরা জামায়াতের কর্মী ছিলেন। ডিএসপি সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, আলাউদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি; প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন।
সংঘর্ষের সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ সড়ক অবরোধ করেন এবং একটি মোটরসাইকেলে আগুন জ্বালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

