Logo

সারাদেশ

ভোটের ফল নিয়ে আইনি লড়াই শেষে চার বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:৫২

ভোটের ফল নিয়ে আইনি লড়াই শেষে চার বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দীর্ঘ আইনি লড়াই শেষে শপথ নিয়েছেন পয়গাম আলী। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক।রোববার (৮ মার্চ) আদালতের নির্দেশে বিকেলে জেলা প্রশাসক ইশরাত ফারজানা তাকে শপথবাক্য পাঠ করান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর নারগুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সেরেকুল ইসলাম (নৌকা) ও পয়গাম আলী (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা সেরেকুল ইসলামকে ১৩ ভোটে বিজয়ী ঘোষণা করেন। ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে পয়গাম আলী ২০২২ সালের ২৩ জানুয়ারি ঠাকুরগাঁও জেলা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ১১ নভেম্বর জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতের বিচারক সুব্রত ভৌমিক ভোট পুনর্গণনার নির্দেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী গত ১৭ নভেম্বর বাদী ও বিবাদী পক্ষের উপস্থিতিতে প্রকাশ্য আদালতে ভোট পুনর্গণনা করা হয়। পুনর্গণনায় ১০৪ ভোটের ব্যবধানে পয়গাম আলীকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশনের পক্ষে উপসচিব মোহাম্মদ মুনির হোসেন তাকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেন। এর ধারাবাহিকতায় রোববার (৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে তাকে চেয়ারম্যান হিসেবে শপথ পড়ানো হয়।

জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পয়গাম আলীকে শপথ পড়ানো হয়েছে এবং শপথের মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

শপথ গ্রহণের পর পয়গাম আলী বলেন,  ‘২০২১ সালের নির্বাচনে আমি প্রকৃত বিজয়ী ছিলাম। অনৈতিকভাবে আমাকে পরাজিত দেখানো হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আদালতের রায় কার্যকর হওয়ায় এখন এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।

আবু সালেহ/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর