চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ অভিযান শুরু করেছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। সোমবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে উপজেলার জঙ্গল সলিমপুরে এ অভিযানে প্রায় চার হাজার সদস্য অংশ নিচ্ছেন।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, এ অভিযানে যৌথ বাহিনীর চার হাজার সদস্য অভিযানে অংশ নিচ্ছেন। অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া।
এ ঘটনায় র্যাব সীতাকুণ্ড থানায় মামলা করেছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে মোহাম্মদ ইয়াসিনকে। এছাড়া মামলায় ইয়াসিন, নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০০ জনকে।
এরপর সেখানে সমন্বিত অভিযান চালানোর বিষয়টি সামনে আসে। জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় তখন আর অভিযান চালানো হয়নি।
এমবি

