ষড়যন্ত্রমূলক অস্ত্র মামলা থেকে বেকসুর খালাস পেলেন ইউপি সদস্য
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ২০:২১
ফরিদপুরের আলফাডাঙ্গায় বহুল আলোচিত একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা অস্ত্র মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলাম। বুধবার (১১ মার্চ) বিকেল ৩টায় ফরিদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এই রায় ঘোষণা করেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, আজ বুধবার মামলার যুক্তিতর্ক শুনানি ও রায়ের জন্য দিন ধার্য ছিল। দীর্ঘ শুনানি শেষে রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত তাকে নির্দোষ ঘোষণা করে খালাস প্রদান করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১০ মার্চ গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামে সৈয়দ শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালায় কাশিয়ানীর ভাটিয়াপাড়া র্যাব-৬ এর একটি দল। সে সময় তার বসতঘরের পাশে একটি উন্মুক্ত রান্নাঘর থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার দেখানো হয়। পরদিন অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে আলফাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছিল।
সৈয়দ শরিফুল ইসলাম আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বারবার নির্বাচিত জনপ্রিয় সদস্য। তার স্বজনদের দাবি, নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় করতে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছিল। তারই অংশ হিসেবে রাতের আঁধারে একটি উন্মুক্ত জায়গায় অস্ত্র রেখে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছিল।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলাম বলেন, ‘আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়িয়ে দীর্ঘ দুই বছর হয়রানি করা হয়েছে। আমি আদালতের কাছে ন্যায়বিচার পেয়েছি। সত্যের জয় হয়েছে, এজন্য আমি আদালতের প্রতি কৃতজ্ঞ।’
আসামি পক্ষের আইনজীবী মো. শাহজাহান খান মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ ছিলেন। তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছিল যা আমরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে তাকে বেকসুর খালাস দিয়েছেন।’
মিয়া রাকিবুল/এসএসকে/

