নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নে পুকুর পুনঃখননকালে মাটির নিচ থেকে একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মহানগর গ্রামে এ ঘটনা ঘটে। মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগর গ্রামের
একটি পুকুরে পুনঃখনন কাজ চলছিল। সোমবার শ্রমিকরা খনন কাজ করার সময় মাটির গভীরে একটি
শক্ত বস্তুর সন্ধান পান। পরে মাটি সরিয়ে সেটিকে একটি মূর্তি হিসেবে শনাক্ত করা হয়।
তাৎক্ষণিকভাবে গ্রামবাসী বিষয়টি মান্দা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মান্দা থানা
পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মূর্তিটি নিজেদের হেফাজতে নিয়ে থানায়
নিয়ে আসে। তবে এটি ঠিক কিসের তৈরি বা কতটা প্রাচীন, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া
যায়নি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ
আলম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এটি কোন ধাতুর তৈরি বা কী ধরনের মূর্তি, তা প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার
পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনি ও প্রত্নতাত্ত্বিক
ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশের খবর/এম.আর

