সরিষাবাড়ীতে জমি বিক্রির নামে প্রতারণা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২০:৫৫
জামালপুরের সরিষাবাড়ীতে জমি বিক্রির নামে প্রতারণা, নারীর ওপর হামলা ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে প্রকাশ, সরিষাবাড়ী পৌরসভার আরামনগর গ্রামের মৃত তমেজ উদ্দিন সরকারের ছেলে রাশেদুল ইসলামের কাছে পার্শ্ববর্তী মূলবাড়ি মকছেদ আলী মণ্ডলের ছেলে মো. নজরুল ও তার ছেলে অটল মিয়ার জমি বিক্রির জন্য চুক্তিবদ্ধ হন।
প্রথমে রাশেদুল ৬০ হাজার টাকায় নজরুলের জমি বন্ধক নেন। পরবর্তীতে নজরুল ইসলাম তার ছেলের চাকরির জন্য টাকার প্রয়োজন তাই জমি বিক্রির প্রস্তাব করলে ৫০ হাজার টাকা শতাংশ হিসাবে ২২ শতাংশ জমি ১১ লাখ টাকা মূল্য নির্ধারণ করা হয়। এরমধ্যে ২০২০ সালের ৫ মে তারিখে ৬ লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি টাকা পরিশোধ সাপেক্ষে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও অভিযুক্তরা তা নিয়ে টালবাহানা শুরু করেন।
ভুক্তভোগীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল ও গবাদিপশুর জন্য ঘাস চাষ করে আসছেন। এদিকে জমি রেজিস্ট্রি নিয়ে বিরোধ চলমান থাকায় গত ১৭ এপ্রিল দুপুরে অভিযুক্তরা তার জমির ঘাস জোরপূর্বক কেটে ফেলার চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে রাশেদুলের স্ত্রীর ওপর হামলা ও লাঠি দিয়ে মারধর করা হয়। এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিকে/মান্নান

