Logo

অর্থনীতি

করপোরেট করহার কমানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২১:০৮

করপোরেট করহার কমানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

মো. আবদুর রহমান খান

দেশের বিদ্যমান করপোরেট করহারকে সর্বনিম্ন পর্যায় হিসেবে উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে করপোরেট কর আর কমানোর কোনো সুযোগ নেই। বরং বৈশ্বিক প্রেক্ষাপট ও দেশের প্রয়োজনে এটি আরও বাড়ানোর চিন্তা করতে হবে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। সভায় ঢাকা চেম্বারের পক্ষ থেকে করপোরেট কর কমানোসহ ১৪টি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করা হয়।

ডিসিসিআই-এর প্রস্তাবনার প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য সিকিউরিটিজের সুদের ওপর উৎসে কর (টিডিএস) বর্তমানে ১০ শতাংশ এবং কোম্পানির ক্ষেত্রে ১৫ শতাংশ নির্ধারিত আছে। বিশ্বের অনেক দেশে এটি আরও অনেক বেশি। আমাদের ভবিষ্যৎ রাজস্ব আহরণের লক্ষ্য বিবেচনায় এটি কমানো সম্ভব নয়।

তিনি আরও যোগ করেন, যদি কারো ক্ষেত্রে উৎসে কর বেশি কাটা হয়, তবে সেটি পরবর্তী বছরে সমন্বয় বা রিফান্ড করার সুযোগ রয়েছে, যা গত বছর থেকেই কার্যকর হয়েছে।

সভায় ডিসিসিআই-এর পক্ষে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী বিস্তারিত প্রস্তাবনা তুলে ধরেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা। বিশেষ করে যারা ডিজিটাল লেনদেন ও কমপ্লায়েন্স মেনে চলে, তাদের জন্য এই হার কমানোর প্রস্তাব দেওয়া হয়।

সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বর্তমান সাড়ে ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা। স্বচ্ছতা নিশ্চিত করতে ই-করপোরেট কর রিটার্ন এবং ভ্যাট আদায়ে জাতীয় মোবাইল অ্যাপ চালুর প্রস্তাব। এতে আপিল ও রিফান্ড প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন হবে। তালিকাভুক্ত সিকিউরিটিজের সুদের ওপর উৎসে কর ৫ শতাংশ নির্ধারণ করা।

ডিসিসিআই মনে করে, এতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে কোম্পানিগুলো আরও বেশি আগ্রহী হবে। আমানতের সুদের ওপর উৎসে কর কমানো এবং সারচার্জ ধাপে ধাপে বাতিল করার সুপারিশ করেছে সংগঠনটি।

ঢাকা চেম্বারের মতে, বর্তমানে শেয়ারবাজারে মাত্র ৩৫০টি তালিকাভুক্ত কোম্পানি রয়েছে। যদি অ-তালিকাভুক্ত কোম্পানির করহার কমানো হয় এবং রিফান্ড প্রক্রিয়া সহজ করা হয়, তবে আরও অনেক ভালো কোম্পানি শেয়ারবাজারে আসতে উৎসাহিত হবে। তবে এনবিআর চেয়ারম্যানের কঠোর অবস্থানের পর ব্যবসায়ীদের মধ্যে কর কমানো নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে।

এনবিআর চেয়ারম্যানের মতে, টেকসই অর্থনীতি গড়ার জন্য করের আওতা বাড়ানো এবং সময়মতো কর আদায়ের কোনো বিকল্প নেই। ব্যবসায়ীদের ডিজিটালাইজেশনের আহবানে সাড়া দিয়ে তিনি বলেন, কর ব্যবস্থা সহজ করতে এনবিআর কাজ করে যাচ্ছে, তবে রাজস্ব লক্ষ্যমাত্রায় কোনো ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশের খবর/এম.আর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন