সংগৃহীত
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে চীন ও ভারত থেকে আমদানি করা ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সংশ্লিষ্টরা বলছেন, এই চালান দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা গেছে, বর্তমানে দেশে দৈনিক গড়ে প্রায় ১২ হাজার ৫০০ টন ডিজেলের চাহিদা রয়েছে। সে হিসেবে সদ্য আমদানি করা এ জ্বালানি দিয়ে প্রায় চার দিনের চাহিদা পূরণ সম্ভব।
জাহাজগুলোর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন জানিয়েছে, শুক্রবার (১ মে) বিকেলে লাইবেরিয়ার পতাকাবাহী ‘লিলা কিংস্টন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। পরদিন শনিবার ভোরে পানামার পতাকাবাহী ‘প্রাইভেট সোলানা’ ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে কুতুবদিয়া অ্যাঙ্করেজে এসে নোঙর করে।
প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, বর্তমানে ডলফিন জেটি ও বহির্নোঙর মিলিয়ে বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা সাতটিতে দাঁড়িয়েছে। এর মধ্যে একটি জাহাজ থেকে লাইটারিং পদ্ধতিতে তেল খালাস কার্যক্রম চলছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, গত এপ্রিল মাসে ২০টি জাহাজে করে মোট ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি তেল আমদানি করা হয়েছে। আর মে মাসে ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই চালান দেশের বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও শিল্প খাতে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে সহায়ক হবে।
বাংলাদেশেরখবর/আরকে

