Logo

অর্থনীতি

ঈদ উপলক্ষে আগামীকাল থেকে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু

তেলের দাম লিটারে বাড়ল ১৫ টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ২১:০২

ঈদ উপলক্ষে আগামীকাল থেকে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১১ মে)। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রাজধানীর আগারগাঁও এলাকায় কার্যক্রমের উদ্বোধন করবেন। এ দফায় সারাদেশে ৭২০টি ট্রাকের মাধ্যমে শুক্রবার ছাড়া ২১ মে পর্যন্ত ১০ দিন ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন। এ ট্রাক সেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে টিসিবি। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। এজন্য টিসিবির স্মার্ট কার্ডের প্রয়োজন হবে না। এবার ভোক্তাপ্রতি সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, চিনি এক কেজি ৮০ টাকা ও মসুর ডাল দুই কেজি প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে। 

অন্যদিকে, টিসিবির প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছে ঈদ উপলক্ষে মে মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। কার্ডধারী পরিবারের কাছে প্রতিমাসে ভর্তুকিমূল্যে বিক্রি করা ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।

বাজারের উত্তাপ থেকে খানিকটা স্বস্তি দিতেই ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের মধ্যে পণ্য বিক্রি করে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে প্রতিষ্ঠানটি এবার ভোজ্যতেলের দাম বাড়িয়েছে। প্রতি লিটার তেলে ১৫ টাকা দাম বাড়িয়ে বিক্রির ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠান। এর আগে বেসরকারি সরবরাহকারীরা ভোজ্যতেলের দাম বাড়িয়েছে, যা ভোক্তার ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

টিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি করবে। পণ্যের তালিকায় রয়েছে, ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল। প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। অথচ গত রোজার আগে টিসিবি প্রতি লিটার ভোজ্যতেল ১১৫ টাকায় বিক্রি করেছে। তবে চিনি ও মসুর ডালের দাম বাড়ায়নি প্রতিষ্ঠানটি। 

জানা গেছে, টিসিবি প্রতিদিন ঢাকা মহানগরে ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ২০টি, অন্য ছয়টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে। আগামীকাল থেকে শুরু হওয়া এই বিক্রয় কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত। 

টিসিবি বলছে, একেকটি ট্রাক থেকে প্রতিদিন নির্ধারিত পরিমাণে ৪০০ জন মানুষ পণ্য কিনতে পারবে। এই সময়ে মোট ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে ১৩ হাজার ৯৩৯ মেট্রিকটন পণ্য বিক্রির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। একেকজন ক্রেতা ট্রাকসেলের মাধ্যমে একসঙ্গে ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবে।

বাংলাদেশের খবর/কেএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন