Logo

শিক্ষা

সরাসরি নিয়োগ বাদ, প্যানেলভিত্তিক সংগীত শিক্ষক আনছে সরকার

Icon

প্রাথমিক শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:৫০

সরাসরি নিয়োগ বাদ, প্যানেলভিত্তিক সংগীত শিক্ষক আনছে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাংস্কৃতিক মন্ত্রণালয় সংগীত প্রশিক্ষকদের একটি প্যানেল তৈরি করবে এবং সেখান থেকেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

সম্প্রতি দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠক শেষে ববি হাজ্জাজ জানান, সংগীত প্রশিক্ষকদের নিয়োগ, সুযোগ-সুবিধা এবং ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ওপর। নিয়োগ স্থায়ী না অস্থায়ী হবে, সেটিও তারাই নির্ধারণ করবে।

এর আগে সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছিল- তারা শিক্ষক নির্বাচন করবে এবং বেতন-ভাতা দেবে শিক্ষা মন্ত্রণালয়। তবে নতুন সিদ্ধান্তে সেই প্রস্তাব বদলে গিয়ে সব দায়িত্ব সাংস্কৃতিক মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করা হয়েছে।

সরকার ‘ক্লাস্টার পদ্ধতিতে’ সংগীত শিক্ষা চালুর পরিকল্পনা নিয়েছে। এতে একজন প্রশিক্ষক একটি উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে পাঠদান করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক সম্পৃক্ততা বাড়াতে ক্রীড়া প্রতিযোগিতার মতো সংগীত প্রতিযোগিতাও আয়োজনের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হলেও পরে তা বাতিল করা হয়। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে ওই বিধিমালা সংশোধন করা হয়েছিল।

নতুন এই প্যানেলভিত্তিক উদ্যোগের মাধ্যমে সরকার প্রাথমিক শিক্ষায় সংগীতকে পুনরায় অন্তর্ভুক্ত করার একটি বিকল্প পথ খুঁজছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন