Logo

শিক্ষা

‘মঙ্গল আসর’-এর উদ্যোগে ভাসানটেক সরকারি কলেজের যুগপূর্তি পালন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০০:৫০

‘মঙ্গল আসর’-এর উদ্যোগে ভাসানটেক সরকারি কলেজের যুগপূর্তি পালন

ছবি: সংগৃহীত

ঢাকার ভাসানটেক সরকারি কলেজ প্রতিষ্ঠার যুগপূর্তি পালিত হলো ‘মঙ্গল আসর’-এর উদ্যোগে। মিরপুরের ঋদ্ধি বুক ক্যাফেতে কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কেক কাটা, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষিদের স্মৃতিচারণ ও আড্ডায় জমে ওঠে আনন্দ আয়োজন।

২০১৪ সালের ২৪ এপ্রিল ঢাকার ভাসানটেক বস্তি এলাকায় কলেজটি প্রতিষ্ঠিত হয়। আনন্দময় সহশিক্ষার সৃজনশীল আয়োজন ‘মঙ্গল আসর’-এর উদ্যোগে প্রতিষ্ঠা দিবসে শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত আনন্দ আড্ডার আয়োজন করা হয়।

স্মৃতিচারণকালে শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের অংশীদারিত্বের কথা স্বীকার করে বলেন, কেবল ভালো ফলাফল নয়, মানসম্মত সুশিক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে নানাবিধ সৃজনশীল কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রাণ সঞ্চার করে। তারা উল্লেখ করেন কলেজ প্রতিষ্ঠার শুরু থেকেই ‘মঙ্গল আসর’-এর নানাবিধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সেই সঙ্গে কলেজে নিয়মিতভাবে সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, কবিতা রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা প্রকাশ, সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদ, পরিবেশ ক্লাব, কলেজ ম্যাগাজিন প্রকাশ, বিজ্ঞান ক্লাব, সাহিত্য ও সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার মতোন বহুমুখী আয়োজন করা হয়ে থাকে।

স্মৃতিচারণকালে অনেকেই কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন যে, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন হিসেবে অনুকরণীয় সক্রিয় ভুমিকা পালন করে আসছে ‘মঙ্গল আসর’।

আগত শুভাকাঙ্ক্ষিরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে ‘মঙ্গল আসর’-এর মতো সহশিক্ষামূলক কর্মসূচি পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। মানবিক ও যুক্তিবাদী মানুষ হিসেবে ‘দেশ আমার দায়িত্ব আমার’ প্রত্যয় হৃদয়ে ধারণ করে সক্রিয় ‘মঙ্গল আসর’-এর কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন। 

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন ভাসানটেক সরকারি কলেজ, ঢাকার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং ‘মঙ্গল আসর’-এর প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল মোহন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও লেখক ড. গোলাম মোস্তফা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহেদুল আলম হিটো, গবেষক ও বাংলা একাডেমির উপ-পরিচালক ড.কুতুব আজাদ, মনোবিজ্ঞানী ও লেখক এবং ঢাকার গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের সহযোগী অধ্যাপক রাশনা রশীদ, ঋদ্ধি বুক ক্যাফের কর্ণধার মাহবুবুল হাসান ফয়সাল, গণমাধ্যম ব্যক্তিত্ব কাজল ঘোষ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ‘মঙ্গল আসর’ এর সমন্বয়কারী সিরাজুল কবির সাকিব।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন