Logo

শিক্ষা

প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শুরু

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ১০ মে ২০২৬, ১৮:০৭

প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শুরু

সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে প্রার্থীদের জমা দেওয়া শিক্ষাগত সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যতাও যাচাই করা হবে।

রোববার (১০ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা অতীতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, অপরাধমূলক কার্যকলাপ বা আইনশৃঙ্খলাবিরোধী ঘটনায় জড়িত ছিলেন কি না, তা পুলিশি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি নিয়োগের জন্য জমা দেওয়া সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য ডকুমেন্টের সঠিকতাও খতিয়ে দেখা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। যাচাই প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়ার পরই নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছে দপ্তরটি।

যেভাবে সম্পন্ন হয় নিয়োগ প্রক্রিয়া

এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি দেশের ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন চাকরিপ্রার্থী।

লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২১ জানুয়ারি। এতে উত্তীর্ণ হন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।

পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ২৮ জানুয়ারি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। ভাইভা শেষে এক মাসের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে নির্বাচিত হন প্রায় ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন