পূজা চেরি
ঢালিউডের গ্ল্যামারাস অভিনেত্রী পূজা চেরির জন্য এবারের ঈদুল ফিতর ছিল অনেকটা ‘অস্তিত্ব রক্ষার লড়াই’। ক্যারিয়ারের টানা কয়েক বছরের খরা কাটিয়ে ওঠার জন্য তার সামনে শেষ সুযোগ হয়ে এসেছিল রেদওয়ান রনির সিনেমা ‘দম’। ঈদের বক্স অফিস এবং দর্শকদের প্রতিক্রিয়া বলছে, সেই পরীক্ষায় সগৌরবে উত্তীর্ণ হয়েছেন পূজা। বড় পর্দায় তার অভিনয় ও পরিমিত সৌন্দর্যে বুঁদ দর্শক-সমালোচক উভয়েই। ঢালিউড পাড়ায় এখন জোর গুঞ্জন—‘দম’-এর মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের নিচের মাটি আবার শক্ত করে ফিরে পেলেন এই অভিনেত্রী।
-69cbcd5ac95ed.jpg)
পূজা চেরির রুপালি পর্দায় যাত্রা শুরু
হয়েছিল শিশুশিল্পী হিসেবে। ‘ভালোবাসার রঙ’, ‘তবুও ভালোবাসি’, ‘অগ্নি’ এবং ‘কৃষ্ণপক্ষ’-এর মতো চলচ্চিত্রে
শিশুশিল্পী হিসেবে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। ২০১৮ সালে যৌথ প্রযোজনার সিনেমা
‘নূর জাহান’-এর মাধ্যমে নায়িকা
হিসেবে তার অভিষেক হয়। ক্যারিয়ারের শুরুতেই ‘পোড়ামন ২’ এবং ‘দহন’-এর মতো ব্লকবাস্টার
সিনেমা দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান তিনি। তবে সাফল্যের সেই পথ বেশিদিন মসৃণ থাকেনি।
‘প্রেম আমার ২’, ‘হুল্লোড়’, ‘সাইকো’, ‘শান’ এবং ‘হৃদিতা’র মতো সিনেমাগুলো
বক্স অফিসে আশানুরূপ ফল না পাওয়ায় হোঁচট খান পূজা। মাঝে শাকিব খানের বিপরীতে ‘গলুই’ দিয়ে আলোচনায়
এলেও একক কৃতিত্বে নিজের আলোয় জ্বলে ওঠা আর হয়নি। পরবর্তীকালে ‘জ্বীন’ কিংবা ‘টগর’-এর মতো ছবিগুলো
তাকে ‘ব্যর্থ নায়িকা’র তকমা থেকে মুক্তি
দিতে পারেনি। ফলে সিনেমাপ্রেমীদের কাছে পূজা চেরি এক বড় ‘আফসোস’-এর নাম হয়ে দাঁড়িয়েছিলেন।
দীর্ঘদিনের ব্যর্থতার বৃত্ত ভেঙে এবার ‘দম’ সিনেমায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন পূজা। আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো শক্তিমান অভিনেতাদের ভিড়েও নিজের চরিত্রটি ফুটিয়ে তুলেছেন অত্যন্ত দক্ষতার সাথে। চলচ্চিত্র বোদ্ধাদের মতে, ‘দম’ ছবিটির সাফল্য পূজার ক্যারিয়ারকে খাদের কিনারা থেকে টেনে তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অভিনয়ের প্রশংসা এখন তুঙ্গে।
-69cbcd8084e13.jpg)
পূজা নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন,
এই সিনেমার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন এবং দর্শকদের ভালোবাসা তাকে নতুন করে কাজ
করার অনুপ্রেরণা দিচ্ছে। ডুবতে বসা ক্যারিয়ার উদ্ধারে ‘দম’ কতটা দীর্ঘমেয়াদী
প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে আপাতত ঢালিউডের এই ‘পোড়ামন’ কন্যা যে দীর্ঘ
বিরতির পর প্রাণভরে ‘দম’ নিতে পারছেন, তা বলাই বাহুল্য।
বাংলাদেশের খবর/ এম.আর

