Logo

বিনোদন

তিন দেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৯:৪২

তিন দেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

বনলতা এক্সপ্রেস

ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে ঝড় তোলা নির্মাতা তানিম নূরের তারকাবহুল সিনেমা বনলতা এক্সপ্রেস এবার বিশ্বজয়ে নামছে। অস্ট্রেলিয়া দিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু করার পর এবার উত্তর আমেরিকা ও ইউরোপের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আগামী ৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের বড় পর্দাগুলোতে একযোগে দেখা যাবে মোশাররফ করিম-চঞ্চল চৌধুরী অভিনীত এই বহুল আলোচিত চলচ্চিত্র।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মুক্তির প্রথম সপ্তাহে উত্তর আমেরিকার ৩৮টি, কানাডার ১০টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে প্রদর্শিত হবে বনলতা এক্সপ্রেস। বিশ্বের নামকরা সিনেমা চেইন যেমনএএমসি, রিগ্যাল, সিনেপ্লেক্স, সিনেমার্ক, শোকেস ও সিনেওয়ার্ল্ড-এর মতো থিয়েটারে প্রবাসী বাংলাদেশিরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।

পরিবেশনা সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রের এএমসি (২১টি শো), রিগ্যাল (১৪টি), সিনেমার্ক (২টি) ও শোকেস (১টি), কানাডার সিনেপ্লেক্স (১৫টি শো) আর যুক্তরাজ্যে সিনেওয়ার্ল্ড (৪টি শো), যার পরিবেশনা সহযোগী হিসেবে রয়েছে রেভেরি ফিল্মস। এছাড়াও আগামী ১০ এপ্রিল থেকে লস অ্যাঞ্জেলেস, কানেকটিকাট ও অস্টিনসহ আরও ৪টি থিয়েটার এই তালিকায় যুক্ত হওয়ার কথা রয়েছে।

তানিম নূরের পূর্ববর্তী সিনেমা উৎসব-এর তুলনায় এবার বনলতা এক্সপ্রেস অনেক বেশি প্রেক্ষাগৃহ পেয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই এটি উৎসব-এর চেয়ে ১৫টি থিয়েটার বেশি নিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু করছে, যা ঢালিউড সিনেমার ক্রমবর্ধমান বিশ্ববাজারের এক ইতিবাচক ইঙ্গিত। এ প্রসঙ্গে পরিচালক তানিম নূর বলেন, দেশের দর্শকদের পর এবার প্রবাসীদের সিনেমাটি দেখাতে পারছি, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। যে সাড়া পাচ্ছি তা অভাবনীয়।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে। একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলা ট্রেনের কামরায় থাকা বিভিন্ন শ্রেণির মানুষের জীবনের চাওয়া-পাওয়া, জটিলতা ও মনস্তাত্ত্বিক নানা স্তর উঠে এসেছে এখানে। সিনেমাটির প্রধান আকর্ষণ এর শক্তিশালী কাস্টিং। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, শ্যামল মাওলা ও জাকিয়া বারী মমসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। সিনেমা সংশ্লিষ্টদের আশা, দেশের মতো বিদেশের মাটিতেও বনলতা এক্সপ্রেস ব্যবসায়িক সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করবে।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন