Logo

বিনোদন

তাণ্ডব চালাচ্ছে ‘ধুরন্ধর টু’, ভাঙল কেজিএফের রেকর্ড

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৯:৪৪

তাণ্ডব চালাচ্ছে ‘ধুরন্ধর টু’, ভাঙল কেজিএফের রেকর্ড

ধুরন্ধর টু

ভারতীয় বক্স অফিসে রীতিমতো সুনামি বইয়ে দিচ্ছে রণবীর সিং অভিনীত ও আদিত্য ধর পরিচালিত স্পাই-থ্রিলার সিনেমা ধুরন্ধর টু। মুক্তির মাত্র ১২ দিনেই বক্স অফিসের সব হিসাব-নিকাশ ওলটপালট করে দিয়েছে ছবিটি। দক্ষিণি মেগাস্টার যশের কেজিএফ: চ্যাপ্টার টু এবং এসএস রাজামৌলির আরআরআর-এর মতো কাল্ট ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভেঙে দিয়ে এখন ১ হাজার কোটির ক্লাবের দিকে ছুটছে এই ছবি।

বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, গত ৯ মার্চ মুক্তির পর থেকেই ধুরন্ধর টু একের পর এক রেকর্ড চুরমার করছে। প্রথম সপ্তাহেই ৬৭৪ কোটি রুপি আয় করে চমকে দেওয়া এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহের সোমবারও ১৯.২৬ কোটি রুপি ঝুলিতে ভরেছে। ১২ দিন শেষে ভারতের অভ্যন্তরীণ বাজারে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৮৬৬.১৩ কোটি রুপি। এই আয়ের মাধ্যমে ছবিটি যশের কেজিএফ টু (৮৫৯ কোটি), রাজামৌলির আরআরআর (৭৮২ কোটি) এবং প্রভাস অভিনীত কল্কি ২৮৯৮ এডি (৬৪৬ কোটি)-এর আজীবনের আয়ের রেকর্ড টপকে গেছে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, বর্তমান গতি বজায় থাকলে খুব দ্রুতই এটি বাহুবলী টু (১,০৩০ কোটি) এবং পুষ্পা টু (১,২৩৪ কোটি)-এর রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাবে।

করাচির ল্যারি টাউনের আন্ডারওয়ার্ল্ড এবং পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার গল্প দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে। বিশেষ করে জাসকিরাত সিং রঙ্গী চরিত্রটি কীভাবে হামজা আলি মাজানি নামক এক দুর্ধর্ষ স্পাই হয়ে উঠলসেই রোমাঞ্চকর রূপান্তর বড় পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন রণবীর সিং। রণবীরের ক্যারিয়ারের সেরা অভিনয়ের পাশাপাশি আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপালের মতো শক্তিমান অভিনেতাদের উপস্থিতি সিনেমাটিকে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক প্যাকেজে রূপ দিয়েছে। এছাড়া ইয়ামি গৌতমের বিশেষ চমক দর্শকদের সিনেমা হলের দিকে আরও বেশি আকৃষ্ট করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ধুরন্ধর টু-এর এমন অভাবনীয় সাফল্যে রণবীর সিং ও নির্মাতা আদিত্য ধরের প্রশংসায় পঞ্চমুখ খোদ এসএস রাজামৌলি এবং আল্লু অর্জুনের মতো তারকারা। এমনকি বিভিন্ন পেশার মানুষের মধ্যেও সিনেমাটি নিয়ে উন্মাদনা এতটাই যে, ভারতের একটি অ্যাকাউন্টিং পরীক্ষায় এই সিনেমার উদাহরণ টেনে প্রশ্ন আসার মতো ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আয়ের নতুন উচ্চতা স্পর্শ করার পথে ধুরন্ধর টু এখন এক অপ্রতিরোধ্য নাম। বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন, আসন্ন দিনগুলোতেও এই জয়যাত্রা অব্যাহত থাকলে এটি বলিউডের সর্বকালের সেরা আয়ের তালিকায় শীর্ষস্থান দখল করতে পারে।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন