Logo

বিনোদন

প্রমাণের অভাবে ১০ বছরের আইনি লড়াইয়ে হারলেন তামান্না

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২০:৩৬

প্রমাণের অভাবে ১০ বছরের আইনি লড়াইয়ে হারলেন তামান্না

তামান্না ভাটিয়া

দীর্ঘ এক দশকের আইনি লড়াই শেষে অবশেষে আদালতে হার মানতে হলো বলিউড ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। সাবান প্রস্তুতকারক প্রতিষ্ঠান পাওয়ার সোপস লিমিটেড-এর বিরুদ্ধে দায়ের করা ১ কোটি রুপির ক্ষতিপূরণ মামলাটি খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, অভিযোগের পক্ষে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন এই অভিনেত্রী।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ৭ অক্টোবর পাওয়ার সোপস লিমিটেড-এর সঙ্গে এক বছরের জন্য বিজ্ঞাপনী চুক্তিতে আবদ্ধ হন তামান্না। সেই চুক্তি অনুযায়ী, ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত তামান্নার ছবি উক্ত পণ্যের বিজ্ঞাপনে ব্যবহারের অনুমতি ছিল।

তবে তামান্নার অভিযোগ ছিল, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ২০১০ ও ২০১১ সালে সংস্থাটি বেআইনিভাবে তার ছবি পণ্যের মোড়ক ও অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করেছে। এই বেআইনি ব্যবহারের ফলে তার পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং অন্য ব্র্যান্ডের সঙ্গে চুক্তিতে সমস্যা তৈরি হয়েছেএমন দাবি তুলে ১ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আগের রায় বহাল রাখে। বিচারপতিরা জানান, তামান্নার পক্ষ থেকে জমা দেওয়া প্রোডাক্ট র‍্যাপার বা রসিদ অকাট্য প্রমাণ হিসেবে যথেষ্ট নয়। এছাড়া সংশ্লিষ্ট ই-কমার্স তালিকার সঙ্গে ওই সংস্থার সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত হয়নি।

আদালত স্পষ্ট করে বলেন, শুধুমাত্র অনুমানের ভিত্তিতে এত বড় অংকের ক্ষতিপূরণ দাবি আইনত গ্রহণযোগ্য নয়। এর আগে তামান্নার সঙ্গে এই সংস্থার প্রায় ৬.২ কোটি রুপির একটি বড় চুক্তির কথা থাকলেও বিজ্ঞাপনটি নিয়ে জনমনে অসন্তোষ তৈরি হওয়ায় সংস্থাটি একসময় তার প্রচার সরিয়ে নিতে বাধ্য হয়েছিল।

তামান্নার এই পরাজয়ের পর আবারও আলোচনায় এসেছে সেলিব্রিটিদের ইমেজ রাইটস বা ছবির বাণিজ্যিক ব্যবহারের বিষয়টি। আইনি বিশ্লেষকদের মতে, এই রায়টি তারকাদের জন্য একটি বার্তাআইনি লড়াইয়ে জিততে হলে স্রেফ অভিযোগ নয়, বরং ডিজিটাল ও ফিজিক্যাল উভয় ক্ষেত্রেই শক্তিশালী প্রমাণ থাকা জরুরি।

মামলায় ধাক্কা খেলেও বর্তমানে ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন তামান্না। তামিল, তেলুগু ও হিন্দিতিন ইন্ডাস্ট্রিতেই তার হাতে রয়েছে বেশ কিছু বড় প্রজেক্ট। সংশ্লিষ্টদের মতে, এই তিক্ত অভিজ্ঞতা ভবিষ্যতে বড় কোনো ব্র্যান্ডের সঙ্গে চুক্তির ক্ষেত্রে তামান্নাকে আরও সতর্ক করে তুলবে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন