Logo

বিনোদন

বিলাসবহুল ফ্ল্যাট-লাখ টাকা ভাড়া, মুম্বাইয়ে কী করছেন আল্লু?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ২১:০৩

বিলাসবহুল ফ্ল্যাট-লাখ টাকা ভাড়া, মুম্বাইয়ে কী করছেন আল্লু?

অল্লু অর্জুন

দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনকে নিয়ে গত কয়েকদিন ধরেই বিনোদন পাড়ায় একটি গুঞ্জন ডানা মেলেছে। শোনা যাচ্ছিল, পরিচালক অ্যাটলির নতুন সিনেমা রাকা’ এবং লোকেশ কানাগারাজের একটি নামহীন সিনেমার শুটিংয়ের জন্য তিনি স্থায়ীভাবে মুম্বাইয়ে আস্তানা গাড়ছেন। এমনকি জুহু এলাকায় সমুদ্রমুখী একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট মাসে ১৬ লাখ টাকায় ভাড়া নিয়েছেন বলেও দাবি করেছিল কিছু সংবাদমাধ্যম। তবে এই গুঞ্জনকে স্রেফ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন তাঁর বাবা তথা প্রখ্যাত প্রযোজক অল্লু অরবিন্দ।

সম্প্রতি ডেকান ক্রনিকল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অল্লু অরবিন্দ জানান, মুম্বাইয়ে অল্লু অর্জুনের স্থায়ীভাবে চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, হায়দরাবাদই অল্লুর ঘর এবং প্রাণ। তাঁর সন্তানরা সেখানে পড়াশোনা করে এবং পরিবারের সবাই ওখানেই থাকে। শুটিংয়ের প্রয়োজনে বর্তমানে তিনি মুম্বাইয়ে আছেন, তার মানে এই নয় যে তিনি সেখানে চলে যাচ্ছেন।”

এর আগে মিড-ডে’-র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, অল্লু অর্জুন জুহু তারা রোডে ৬,০০০ বর্গফুটের একটি বিশাল ৫-বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। তিন বছরের চুক্তিতে নেওয়া এই ঘরের মাসিক ভাড়া ১৬ লাখ টাকা। প্রতিবেদনে আরও বলা হয়েছিল যে, স্ত্রী স্নেহা রেড্ডি এবং সন্তানদের ছুটির সময় একসাথে কাটানোর জন্য তিনি এই সমুদ্রমুখী বাড়িটি বেছে নিয়েছেন, যেখানে একটি নিজস্ব পুল এবং চারটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।

মুম্বাইয়ের ভাড়াবাড়ির খবরের বিপরীতে একটি সত্য তথ্য হলো— অল্লু অর্জুন হায়দরাবাদের জুবিলি হিলসে তাঁর স্বপ্নের নতুন বাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ৪,০০০ বর্গগজ জুড়ে বিস্তৃত এই রাজকীয় বাংলোর আনুমানিক বাজারমূল্য ১০০ কোটি টাকা। এ বছরেই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি নতুন বাড়িতে গৃহপ্রবেশ করবেন বলে আশা করা হচ্ছে।

অল্লু অর্জুনের ৪৩তম জন্মদিনে সান পিকচার্স আনুষ্ঠানিকভাবে রাকা’ সিনেমার ঘোষণা দিয়েছে। এটি পরিচালক অ্যাটলির সাথে তাঁর প্রথম কাজ। পিঙ্কভিলার তথ্য অনুযায়ী অল্লু অর্জুন এই সিনেমার জন্য প্রায় ১৭৫ কোটি টাকা নিচ্ছেন, পাশাপাশি লভ্যাংশের ১৫ শতাংশ পাবেন, পরিচালক অ্যাটলি নিচ্ছেন ১০০ কোটি টাকা। সিনেমাটির মোট বাজেট ধরা হয়েছে ৮০০ কোটি টাকা, যার মধ্যে ২৫০ কোটি টাকাই খরচ হবে ভিএফএক্স এর পেছনে।

অ্যাকশন এবং সায়েন্স-ফিকশন ঘরানার এই সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। আপাতত শুটিংয়ের জন্য মুম্বাইয়ে যাতায়াত থাকলেও, অল্লু অর্জুনের বেস’ যে হায়দরাবাদেই থাকছে— তা তাঁর বাবার বক্তব্যেই পরিষ্কার।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন