Logo

বিনোদন

ব্যস্ততার শীর্ষে ফরহাদ হুসাইন

গান, কম্পোজিশন ও স্টেজ পারফরমেন্সে সমান দাপট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:৪৮

গান, কম্পোজিশন ও স্টেজ পারফরমেন্সে সমান দাপট

হালের জনপ্রিয় ও ব্যস্ততম কণ্ঠশিল্পী, কিবোর্ড বাদক এবং কম্পোজার ফরহাদ হুসাইন। তিনি সমানতালে কাজ করছেন একজন কণ্ঠশিল্পী ও কম্পোজার হিসেবে। এছাড়া স্টেজ ও টিভি শোতে গান গাওয়ার পাশাপাশি কিবোর্ড বাদক হিসেবেও কাজ করে যাচ্ছেন এবং পিয়ানো বাদক হিসেবে ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছেন। কিবোর্ড বাদক হিসেবে তিনি কাজ করছেন ‘মাটিরগান ব্যান্ড’ ও সুরুর দ্য সুফী ব্যান্ডের সদস্য হয়ে।

ফরহাদ হুসাইনের জন্ম কুমিল্লা জেলার লালমাই উপজেলায় হলেও শৈশবে বেড়ে ওঠা রাজধানী ঢাকার মিরপুরে। তার সংগীতে প্রথম হাতেখড়ি হয় সংগীত গুরু প্রয়াত এসএম খালিদ হোসেনের হাত ধরে। মাত্র ১৩ বছর বয়স থেকে তিনি গান শুরু করেন এবং স্কুল ও কলেজের বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত গান করতেন।

শিক্ষাজীবনে ফরহাদ হুসাইন সরকারি বাংলা কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং সরকারি সংগীত কলেজ থেকে সংগীত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে তার প্রথম মৌলিক গান ‘ও পাখি’ প্রকাশিত হয়। গানটির গীতিকার ছিলেন আশিক ইশতিয়াক এবং সংগীতায়োজন করেন বাপ্পী চৌধুরী। ফরহাদ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত গান করেন। এছাড়া দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শোসহ নিয়মিত টেলিভিশনে গান ও কিবোর্ড প্লে করছেন এই প্রতিভাবান শিল্পী।

ফরহাদ হুসাইনের কণ্ঠে এ পর্যন্ত বেশ কিছু মৌলিক গান প্রকাশ পেয়েছে। উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে— ‘ও পাখি’, ‘যদি এমন হতো’, ‘মনের পাতায় সারাক্ষণ’, ‘আমায় তুমি চেয়েছো এত-যে’ ও ‘সন্ধ্যা তারা’। উল্লেখ্য, ২০২৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত “জাতীয় শিক্ষা সপ্তাহ - ২০২৩” সঙ্গীত প্রতিযোগিতায় জারি গান বিভাগে ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেন ফরহাদ।

খুব শীঘ্রই গীতিকার হাবিবুর রহমান মুরাদের লেখা এবং মাশিকুর রহমান বাপ্পীর সুর-সংগীতে ‘বৃষ্টি’ শিরোনামের একটি নতুন গান নিয়ে আসছেন তিনি। গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কৌশিক সরকার।

কম্পোজার হিসেবেও তিনি সুনাম কুড়িয়েছেন। অডিও জগতে সঙ্গীত পরিচালক হিসেবে তার কম্পোজিশনে গান গেয়েছেন মফিজুর রহমান, এমএম ইউনুছুর রহমান, উজ্জ্বল রবি, হীরক রাজাসহ আরও অনেকে। এছাড়া ফাহমিদা নবী, সুজিত মোস্তফাসহ বেশ কয়েকজন গুণী শিল্পীর সঙ্গে স্টুডিও শেয়ার করেছেন এই শিল্পী।

জানতে চাইলে ফরহাদ হুসাইন বলেন, তিনি প্রথমেই তার সংগীত গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানান। বিশেষ করে ডঃ ছন্দা চক্রবর্তী, প্রয়াত মফিজুর রহমান, ডক্টর শেখ কমল খালিদ, ডক্টর ফকির শহিদুল ইসলাম সুমন, জি এম সাইফুল ইসলাম, অদ্বৈত চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, সুজিত মোস্তফাসহ যারা তার সংগীত জীবনে শিক্ষাদান ও অনুপ্রেরণা দিয়েছেন, তাদের প্রতি তিনি চিরকৃতজ্ঞ।

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার গভীর আগ্রহ ছিল। দীর্ঘদিন ধরে সংগীতের সঙ্গে মিশে আছেন এবং যতদিন বেঁচে থাকবেন, সংগীতের সঙ্গেই থাকতে চান। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চান এই প্রতিভাবান শিল্পী।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন