Logo

বিনোদন

হামে আক্রান্ত মৃত শিশুগুলোর অভিশাপ নিন: আসিফ আকবর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ২১:০৫

হামে আক্রান্ত মৃত শিশুগুলোর অভিশাপ নিন: আসিফ আকবর

দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া হামের প্রকোপ এবং আশঙ্কাজনক হারে শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। দেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করে এবং দায়িত্বশীলদের উদাসীনতাকে দায়ী করে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি সরাসরি অব্যবস্থাপনার দিকে আঙুল তুলেছেন।

আসিফ আকবর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, দায়িত্বহীন ব্যবস্থাপকগণ—হামে আক্রান্ত হয়ে মৃত শিশুগুলোর অভিশাপ নিন। মৃত্যুবরণ জনতার দায়িত্ব।” সংক্ষিপ্ত এই বার্তায় তিনি দেশের জনস্বাস্থ্যের নাজুক পরিস্থিতি এবং শিশুদের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ না নেওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেছেন। তাঁর এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বড় একটি অংশ আসিফের সাথে একাত্মতা প্রকাশ করে টিকাদান কর্মসূচির সফলতা ও বর্তমান সংকটের পেছনের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই বলছেন, শিশুদের এই করুণ মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়।

আসিফ আকবরের এই ক্ষোভের বাস্তবচিত্র পাওয়া যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে। মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম রোগে মারা গেছে ৩ শিশু এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৬ জন। ১১ মে সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যে দেখা যায়, একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১০৫ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রকোপে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন