Logo

স্বাস্থ্য

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৫:৩০

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে ক্রমেই বাড়ছে হামে আক্রান্ত শিশু। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। 

এর মধ্যে একজন হামে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন চিকিৎসকরা। বাকি সাতজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। 

 রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে এক হাজার ৪২১ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বড় একটি অংশই শিশু। 

হাসপাতালগুলোতে ক্রমাগত রোগীর চাপ বাড়তে থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ২৮ জনে। এর মধ্যে চার হাজার ৬০৩ জনের হাম নিশ্চিত হয়েছে। 

এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ২১ হাজার ৪৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ১৭ হাজার ৯৫৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছেন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ২১৬ জন। 

সংক্রমণের তীব্রতা বাড়ার অন্যতম কারণ হাসপাতালের ভেতরে ও বাইরে পর্যাপ্ত আইসোলেশন বা পৃথক রাখার ব্যবস্থার অভাব। আক্রান্ত শিশুদের মাধ্যমেই এই রোগ দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে হাসপাতালে শয্যা সংকটের কারণে আক্রান্ত শিশুদের সাধারণ রোগীদের কাছাকাছি থাকতে হচ্ছে, যা নতুন করে সংক্রমণের ঝুঁকি তৈরি করছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত আইসোলেশন নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন