Logo

স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু রুখতে প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৫:৩০

ডেঙ্গু রুখতে প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ হবে

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটলে মানুষের জীবন বাঁচাতে যেকোনো উপায়ে অতিরিক্ত চিকিৎসকের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

প্রয়োজনে চিকিৎসকদের ভাগ করে দায়িত্ব দেওয়ার কথাও জানান তিনি।

বুধবার (১০ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই সভার আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার একটাই কথা, আমরা সবাই মিলে একটি বিষয় মোকাবিলা করছি। আমরা অনেকটা এগিয়েছি, সামনে আরেকটি চ্যালেঞ্জ আসছে। আপনারা নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন এবং ডেঙ্গুর প্রটোকল মেনে চলবেন।

পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী কড়া নির্দেশনা দিয়ে বলেন, আপনাদের বড় একটি নেটওয়ার্ক সারা বাংলাদেশে রয়েছে। সবাইকে বলবেন, বড় চিকিৎসকরা যে বিষয়গুলো বলেছেন অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক না দেওয়া এবং রোগীর প্লাজমা লিক শুরু হলে প্রতিটি রোগীর প্রতি বিশেষ নজর রাখা। প্লাজমা লিক হলে দ্রুত ফ্লুইড দিতে হবে, যাতে রোগী শকে চলে না যায়।

তিনি আরও যোগ করেন, আপনারা এসব বিষয় আপনাদের সহকর্মী ও পরিচিতদের জানাবেন। যদি পরিস্থিতির অবনতি হয় বা রোগীর সংখ্যা বেড়ে যায়, আমাদের জানাবেন। আমরা যেভাবে সম্ভব চিকিৎসকের ব্যবস্থা করব। প্রয়োজনে চিকিৎসকদের ভাগ করে দায়িত্ব দেওয়া হবে। তবুও আমাদের মানুষকে বাঁচাতে হবে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন