Logo

আন্তর্জাতিক

তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণ, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ২২:৪০

তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণ, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তেল আবিবের একটি স্থানে ধোঁয়া উঠতে দেখা গেছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছোড়া নতুন দফার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে জানিয়েছিল, প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করতে কাজ করছে।

এ সময় ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজতে থাকে। এর মধ্যেই তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আজ ইসরায়েলের ওপর দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।

এর এক ঘণ্টা আগে ইরানের বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছিল, তারা বেয়ারশেবা ও তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে যাচ্ছে।

ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা পৃথক এক বার্তায় জানিয়েছে, ইসরায়েলের দিকে ‘গুলিবর্ষণের’ পর ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে আহত তিনজনকে তারা চিকিৎসা দিচ্ছে। তবে দেশের কোন এলাকায় এই ঘটনা ঘটেছে, তা উল্লেখ করা হয়নি।

অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, তারা ইসরায়েলের বেয়ারশেবা ও তেল আবিব শহর এবং জর্ডানের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, এই হামলা ‘অপারেশন ওয়াদে সাদেক–৪’–এর ২৮তম ধাপের অংশ। তারা দাবি করেছে, বেয়ারশেবা ও তেল আবিবে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ছিল ‘খেইবার’ ধরনের, যার ওয়ারহেড অত্যন্ত ভারী।

এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছিল, তারা ইরান সরকারের সামরিক অবকাঠামোর ওপর নতুন করে হামলা শুরু করেছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর