Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ২৩:০৩

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের নতুন যেকোনও নেতাকে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে, অন্যথায় তিনি টিকতে পারবেন না।”

ট্রাম্প তার এই মন্তব্যকে কৌশলগত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে আবারও ইরানের সঙ্গে নতুন কোনো সংঘাতে জড়াতে না হবে, সেটাই তিনি চান। তিনি বলেন, “আমি চাই না কাউকে পাঁচ বছর পর ফিরে এসে আবার একই কাজ করতে হোক বা তাদের হাতে পারমাণবিক অস্ত্র চলে যাক।”

ইরানের কর্মকর্তারা ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, দেশের পরবর্তী নেতা নির্বাচন করা ‘শুধুমাত্র ইরানের জনগণের বিষয়’। সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ নাকচ করে দিয়েছেন তিনি।

ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আহমাদ আলামোলহোদা জানান, অ্যাসেম্বলি অব এক্সপার্টস ইতিমধ্যেই আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি নির্বাচনের বিষয়ে ভোট দিয়েছে। তবে তিনি কোনো নাম প্রকাশ করেননি।

এর আগে ট্রাম্প অন্য এক মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানান, এই নির্বাচন প্রক্রিয়ায় তিনি ব্যক্তিগতভাবে জড়িত থাকতে চান। পাশাপাশি সম্ভাব্য সর্বোচ্চ নেতা হিসেবে আলোচিত খামেনির ছেলে মুজতবা খামেনিকে ‘দুর্বল’ আখ্যা দেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তার উত্তরসূরি হিসেবে ছেলে মুজতবা খামেনির নাম জোরেশোরে আলোচিত হচ্ছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর