সৌদিতে ‘সামরিক প্রজেক্টাইল’ পড়ে বাংলাদেশিসহ নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৩২
সৌদি আরবের আল-খার্জ শহরের একটি আবাসিক ভবনে ‘সামরিক প্রজেক্টাইল’ পড়ে বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছেন। রোববারের (৮ মার্চ) হামলার এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা আক্রমণের দ্বিতীয় সপ্তাহে এ ঘটনা ঘটল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
রোববার সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, আল-খার্জের একটি আবাসিক এলাকায় একটি ‘সামরিক প্রজেক্টাইল’ আঘাত হানে। এতে একজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক নিহত হন এবং ১২ জন আহত হন।
এর আগে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছিল, তারা আল-খার্জ গভর্নরেটসহ বিভিন্ন স্থানে রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ এলাকায় মার্কিন বাহিনী ব্যবহৃত প্রিন্স সুলতান বিমানঘাঁটি অবস্থিত এবং গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধে এলাকাটি একাধিকবার হামলার শিকার হয়েছে।
এমবি

