Logo

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় দুর্বৃত্ত রাষ্ট্র যুক্তরাষ্ট্র: হামিদ মীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৯:৪৯

বিশ্বের সবচেয়ে বড় দুর্বৃত্ত রাষ্ট্র যুক্তরাষ্ট্র: হামিদ মীর

হামিদ মীর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী নীতি এবং মধ্যপ্রাচ্যে আগ্রাসনের বিরুদ্ধে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই গণ-অভ্যুত্থান শুরু হয়েছে। এই পরিস্থিতিকে মার্কিন সমাজে ট্রাম্পবিরোধী মনোভাবের চূড়ান্ত বহিঃপ্রকাশ এবং শাসন পরিবর্তনের দাবি হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষক হামিদ মীর।

পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের জনপ্রিয় উপস্থাপক হামিদ মীর তার অবাধ্য ট্রাম্পের প্রতিকার শীর্ষক এক নিবন্ধে বর্তমান মার্কিন পরিস্থিতির কঠোর সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, মার্কিন জনগণ দীর্ঘ দিন ধরেই ট্রাম্পের নীতিতে ত্যক্ত-বিরক্ত ছিল, যার বিস্ফোরণ ঘটেছে গত ২৮ মার্চ। এদিন আমেরিকার প্রধান শহরগুলোতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে এবং রাজা চাই নাট্রাম্প দূর হও স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলে।

হামিদ মীরের মতে, ২০২৬ সালের মার্চের শুরুতে ইসরায়েলের সঙ্গে যোগসাজশে ইরানের ওপর হামলা চালানো ট্রাম্পের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প আশা করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির হত্যাকাণ্ডের পর দেশটিতে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটবে এবং মার্কিন কোম্পানিগুলো ইরানের তেল ভাণ্ডার লুটে নিতে পারবেঠিক যেমনটি তারা ভেনিজুয়েলার ক্ষেত্রে করার চেষ্টা করেছিল। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরান পাল্টাপাল্টি ব্যবস্থা হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে চরম তেল সংকট দেখা দিয়েছে এবং খোদ আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতে বড় ধরনের ধস নেমেছে। এই অর্থনৈতিক আঘাতই মার্কিন জনগণকে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য করেছে।

হামিদ মীর আরও জানান, পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের সফল হামলা বিশ্বমঞ্চে পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এমনকি ইউরোপীয় মিত্র দেশগুলোও ট্রাম্পের এই ইরানবিরোধী যুদ্ধে অংশ নিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে, যা ওয়াশিংটনকে আন্তর্জাতিকভাবে একা করে দিয়েছে।

নিবন্ধের শেষে হামিদ মীর বিখ্যাত মার্কিন ভাষাবিদ ও গবেষক নোয়াম চমস্কির কালজয়ী বই রোগ স্টেটস -এর উদ্ধৃতি টেনেছেন। চমস্কি তার বইয়ে লিখেছিলেন, যুক্তরাষ্ট্র প্রায়ই ইরান, ইরাক বা উত্তর কোরিয়াকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে। কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বের সবচেয়ে বড় দুর্বৃত্ত রাষ্ট্র হলো স্বয়ং যুক্তরাষ্ট্র, যারা কোনো আন্তর্জাতিক আইন বা শিষ্টাচারের তোয়াক্কা করে না।

হামিদ মীরের মতে, বর্তমান যুদ্ধ পরিস্থিতি চমস্কির সেই ভবিষ্যদ্বাণীকেই সত্য প্রমাণ করছে। ইরান ইস্যু নিয়ে ট্রাম্পের প্রতিটি পদক্ষেপ ভুল প্রমাণিত হচ্ছে এবং এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ট্রাম্পের প্রতি জনগণের ঘৃণা ততই তীব্র গণ-আন্দোলনে রূপ নেবে।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন