চিড়িয়াখানা থেকে পালানো নেকড়ে ৯ দিন পর উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৬
ছবি: সংগৃহীত
দীর্ঘ নয় দিনের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে নিরাপদে ধরা পড়েছে দক্ষিণ কোরিয়ার ‘ও-ওয়ার্ল্ড’ চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া দুই বছর বয়সী পুরুষ নেকড়ে ‘নিউকগু’।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে একটি পাহাড়ের কাছ থেকে তাকে অচেতন করে উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটির সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
গত ৮ এপ্রিল ও-ওয়ার্ল্ড চিড়িয়াখানার খাঁচায় গর্ত খুঁড়ে বেরিয়ে আসে নিউকগু।
এরপর থেকেই তাকে খুঁজতে পুলিশ, দমকল বাহিনী, ড্রোন ও সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করা হয়। নেকড়েটির নিরাপত্তা নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে প্রাণী অধিকার কর্মীরা আশঙ্কা করেছিলেন যে, তাকে ধরতে গিয়ে মেরে ফেলা হতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় স্বয়ং রাষ্ট্রপতি লি জে মিয়ং জনগণকে আশ্বস্ত করেছিলেন যে তাকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
অনুসন্ধান চলাকালীন একবার নেকড়েটি উদ্ধারকর্মীদের বেষ্টনী ভেঙে পালিয়ে গিয়েছিল। পরে এক গাড়ি চালকের ভিডিওর সূত্র ধরে শুক্রবার ভোরে একটি এক্সপ্রেসওয়ের পাশের পাহাড় থেকে তাকে শনাক্ত করা হয়। পশুচিকিৎসকরা চেতনানাশক তীর ব্যবহার করে তাকে অচেতন করেন এবং নিরাপদে খাঁচায় বন্দি করেন।
চিড়িয়াখানায় ফিরিয়ে আনার পর দেখা যায়, নিউকগুর পেটে একটি মাছ ধরার বড়শি আটকে ছিল, যা অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে।
বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। ও-ওয়ার্ল্ডের পরিচালক লি কোয়ান জং জানিয়েছেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে অন্য প্রাণীদের থেকে আলাদা রেখে বিশেষ পরিচর্যা করা হবে।
নিউকগুর ফিরে আসার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সাধারণ মানুষ উল্লাস প্রকাশ করছে। দেজনের মেয়র লি জাং-উ নাগরিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এদিকে বারবার প্রাণী পালানোর ঘটনায় সমালোচনার মুখে পড়া চিড়িয়াখানাটি আপাতত বন্ধ রাখা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা ও আধুনিকায়ন শেষ করে তবেই এটি পুনরায় খোলার সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, নিউকগু হলো ২০০৮ সালে রাশিয়া থেকে আনা নেকড়ে দলের তৃতীয় প্রজন্মের বংশধর। দক্ষিণ কোরিয়া থেকে বিলুপ্ত হয়ে যাওয়া বন্য নেকড়েদের ফিরিয়ে আনার একটি প্রকল্পের অংশ হিসেবে তাকে লালন-পালন করা হচ্ছিল।
বাংলাদেশের খবর/আরইউ

