কেলেঙ্কারির মুখে মার্কিন শ্রম সচিব লরি শ্যাভেজের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২১:০১
লরি শ্যাভেজ-ডিমেরিম
একাধিক ব্যক্তিগত কেলেঙ্কারি এবং গুরুতর অসদাচরণের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন মার্কিন শ্রম সচিব লরি শ্যাভেজ-ডিমেরিম।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো
হয় যে, ডিমেরিম তার সরকারি দায়িত্ব ছেড়ে বেসরকারি খাতে যোগ দিতে যাচ্ছেন। ট্রাম্পের
দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় ক্রিস্টি নোয়েম ও পাম বন্ডির পর তিনি তৃতীয় কোনো নারী
সদস্য, যিনি মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিলেন।
পদত্যাগপত্রের বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র
স্টিভেন চুং সামাজিক মাধ্যমে জানান, ডিমেরিম আমেরিকান শ্রমিকদের সুরক্ষা এবং ন্যায্য
শ্রম চর্চায় অসাধারণ কাজ করেছেন এবং এখন তিনি নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে
যাচ্ছেন।
তবে এই পদত্যাগের পেছনে দীর্ঘদিনের পুঞ্জীভূত
বিতর্ক এবং তদন্তের চাপ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে শ্রম বিভাগের ইন্সপেক্টর
জেনারেল ডিমেরিম এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে পেশাদার অসদাচরণের তদন্ত চালাচ্ছেন।
তার বিরুদ্ধে নিজের নিরাপত্তা দলের এক সদস্যের সঙ্গে অনৈতিক প্রণয় ঘটিত সম্পর্ক, অফিসের
ভেতরে ব্যক্তিগত ব্যবহারের জন্য মদ্যপানের মজুত রাখা এবং সরকারি সম্পদ ব্যবহার করে
ব্যক্তিগত ভ্রমণ করার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে
আরও বলা হয়েছে, ডিমেরিমের স্বামী এবং বাবাও এই বিতর্কে জড়িয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে
যে, তারা কম বয়সী নারী কর্মীদের আপত্তিকর বার্তা পাঠাতেন। এছাড়া ডিমেরিমের স্বামী শন
ডিমেরিমের বিরুদ্ধে অন্তত দুইজন নারী কর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠায় তাকে আগেই
বিভাগীয় কার্যালয়ে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছিল।
নীতিগত দিক থেকেও লরি শ্যাভেজ-ডিমেরিমের
মেয়াদকাল ছিল বেশ বিতর্কিত। তিনি দায়িত্ব নেওয়ার পর বিশ্বব্যাপী শিশুশ্রম ও দাসত্ব
নির্মূলে কাজ করা কোটি কোটি ডলারের আন্তর্জাতিক অনুদান প্রকল্প বাতিল করেন, যা গত দুই
দশকে বৈশ্বিক শ্রম পরিস্থিতির উন্নয়নে বড় ভূমিকা রাখছিল। একই সঙ্গে তিনি কর্মক্ষেত্রের
নিরাপত্তা সংক্রান্ত প্রায় ৬০টিরও বেশি নিয়ম বাতিল বা শিথিল করার উদ্যোগ নিয়েছিলেন।
বিশেষ করে খনি শ্রমিকদের সুরক্ষা, নির্মাণ সাইটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং কৃষি শ্রমিকদের
সিটবেল্ট ব্যবহারের মতো বাধ্যতামূলক নিয়মগুলো তুলে নেওয়ার প্রস্তাব আসায় শ্রমিক ইউনিয়নগুলো
ক্ষোভ প্রকাশ করে। এমনকি প্রতিবন্ধী ও হোম কেয়ার কর্মীদের ন্যূনতম মজুরি সংক্রান্ত
বিধিমালাও তার সময়ে কাটছাঁট করা হয়।
বিদায়ী বার্তায় লরি শ্যাভেজ-ডিমেরিম জানিয়েছেন
যে, ট্রাম্প প্রশাসনের অধীনে কাজ করা তার জন্য বড় সম্মানের ছিল। তিনি দাবি করেন, তার
মেয়াদে শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনা এবং এআই প্রযুক্তির যুগে শ্রমিকদের
দক্ষ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে তার এই দাবি সত্ত্বেও বিরোধী
শিবিরের পাশাপাশি অনেক রিপাবলিকান নেতাও তার পদত্যাগকে ইতিবাচক হিসেবে দেখছেন।
লুইজিয়ানার সিনেটর জন কেনেডি মন্তব্য করেছেন
যে, উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে ডিমেরিম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তার শূন্য
পদে বর্তমানে কিথ সন্ডারলিং ভারপ্রাপ্ত শ্রম সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত
করেছে হোয়াইট হাউস।
বাংলাদেশের খবর/এম.আর

