Logo

আন্তর্জাতিক

মেক্সিকোর পিরামিডে বন্দুকধারীর হামলায় পর্যটক নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২১:০৪

মেক্সিকোর পিরামিডে বন্দুকধারীর হামলায় পর্যটক নিহত

মেক্সিকোর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও প্রত্নতাত্ত্বিক এলাকা তেওতিহুয়াকান পিরামিড প্রাঙ্গণে এক ভয়াবহ বন্দুক হামলায় এক কানাডীয় পর্যটক নিহত হয়েছেন। এই হামলায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কলম্বিয়ান, রাশিয়ান এবং কানাডীয় নাগরিক রয়েছেন। হামলা চালানোর পর ঘাতক বন্দুকধারী নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের ভাষ্যমতে, গত সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটের দিকে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। সে সময় 'পিরামিড অফ দ্য মুন'-এর উপরে অনেক পর্যটক অবস্থান করছিলেন। হঠাৎ হুলিও সিজার জাসো রামিরেজ নামে এক মেক্সিকান নাগরিক পিরামিডের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নির্বিচারে গুলি চালাতে শুরু করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী পিরামিডের চূড়ায় দাঁড়িয়ে গুলি ছুড়ছেন আর পর্যটকরা প্রাণভয়ে দিগ্বিদিক ছুটছেন। কেউ কেউ পিরামিডের খাঁজে উপুড় হয়ে শুয়ে পড়ে বাঁচার চেষ্টা করেন।

প্রত্নতাত্ত্বিক এলাকাটির নিরাপত্তা কর্মকর্তাদের পাশাপাশি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেক্সিকোর ন্যাশনাল গার্ড ইউনিট। পুলিশ জানায়, আহতদের মধ্যে সাতজন সরাসরি গুলিবদ্ধ হয়েছেন এবং বাকিরা হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং বিষয়টি 'পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত' করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, সরকার কানাডীয় দূতাবাসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে এবং ভুক্তভোগীদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আগামী দুই মাসেরও কম সময়ের মধ্যে উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) ফিফা বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। এমন এক সময়ে জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে এই হামলার ঘটনা মেক্সিকোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। কয়েক বছর আগে এই এলাকায় প্রবেশের সময় পর্যটকদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হতো, যা পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছিল।

তেওতিহুয়াকান মেক্সিকোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাক-হিস্পানিক শহর এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। মেক্সিকোর কুখ্যাত ড্রাগ কার্টেল 'জালিস্কো নিউ জেনারেশন'-এর নেতা 'এল মেঞ্চো' নিহত হওয়ার পর দেশজুড়ে চলমান অস্থিরতার মাঝেই এই হামলার ঘটনা ঘটল। প্রশাসন এখন তদন্ত করে দেখছে এই হামলার সাথে কোনো গোষ্ঠীগত সংশ্লিষ্টতা আছে কি না।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন