আলোচনা নিয়ে অনিশ্চয়তা: যুদ্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র-ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২৩:৪১
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও ভয়াবহ অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। সম্ভাব্য শান্তি আলোচনাকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও পাল্টাপাল্টি হুঁশিয়ারি, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা এবং সামরিক প্রস্তুতির ইঙ্গিত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন- চুক্তি না হলে ফের শুরু হবে ব্যাপক বোমাবর্ষণ; অন্যদিকে ইরানও ‘নতুন কৌশল’ প্রস্তুত থাকার বার্তা দিয়ে কঠোর অবস্থান নিয়েছে।
ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনিশ্চয়তায় পড়েছে, কারণ তেহরান অবরোধ তুলে না নিলে আলোচনায় বসতে অনাগ্রহী। এরই মধ্যে জাহাজ জব্দ, নৌ-অবরোধ, আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা এবং বিশ্বজুড়ে কূটনৈতিক চাপথ সব মিলিয়ে সংঘাতের ঝুঁকি নতুন করে বাড়ছে।
একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের বক্তব্য নিয়ে বিভ্রান্তি, পাকিস্তানের সতর্ক বার্তা এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগ ইঙ্গিত দিচ্ছেথ এই সংকট কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও বড় হুমকি হয়ে উঠছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে আবারও যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। গত সোমবার দুই দেশ একে অপরকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। দুই দেশের এই মুখোমুখি অবস্থানের ফলে পাকিস্তানে নতুন করে শান্তি আলোচনা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনার দ্বিতীয় দফা শুরু হবে। আলোচনায় যোগ দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের পাকিস্তানে যাওয়ার কথা।
যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য ইসলামাবাদে এখন দৃশ্যত ব্যাপক প্রস্তুতি চলছে। এই যুদ্ধের প্রভাবে বর্তমানে বিশ্ববাজার টালমাটাল অবস্থা বিরাজ করছে।
তবে তেহরান এখন পর্যন্ত এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তারা উল্টো অভিযোগ তুলেছে, ইরানের বন্দরগুলোতে অবরোধ দিয়ে এবং জাহাজ জব্দ করে ওয়াশিংটন যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, বন্দর অবরোধ ও যুদ্ধবিরতির লঙ্ঘন করে ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন এবং নিজের সুবিধামতো নতুন করে হামলা চালানোর অজুহাত খুঁজছেন।
ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার শান্তি আলোচনায় বাঘের গালিবাফ ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি আরও লিখেছেন, ‘হুমকির মধ্যে আমরা কোনো আলোচনায় বসব না। দুই সপ্তাহ ধরে আমরা রণাঙ্গনে নতুন চমক দেখানোর প্রস্তুতি নিচ্ছি।’
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে, তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।
এদিকে ট্রাম্পও অভিযোগ করেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইরান।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন শুরু করার পর দেশটি গুরুত্বপূর্ণ এই জলপথ প্রায় বন্ধ করে দিয়েছিল।
ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় নতুন করে যুদ্ধের আশঙ্কায় গতকাল বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মার্কিন অবরোধ ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। একটি চুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ প্রত্যাহার করা হবে না।’ এই চুক্তির মাধ্যমে ট্রাম্প মূলত ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে আসার জন্য চাপ দিচ্ছে।
তেহরানের স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতেই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা। তবে ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, এর মেয়াদ আরও এক দিন পর, অর্থাৎ ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যায় শেষ হবে।
চুক্তি ছাড়া যুদ্ধবিরতি শেষ হলে ‘প্রচুর বোমা ফাটবে’: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে প্রচুর বোমা ফাটতে শুরু করবে।
পাল্টা হুঁশিয়ারি দিয়ে তেহরান বলেছে, যুদ্ধ যদি আবারও শুরু হয় তবে রণক্ষেত্রে দেখানোর জন্য তাদের হাতে ‘নতুন কৌশল’ প্রস্তুত রয়েছে।
পাকিস্তানে চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার যে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে, তার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে।
ট্রাম্প প্রথমিকভাবে জানিয়েছিলেন বৈঠক হবে মঙ্গলবার। কিন্তু সে সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র।
যুদ্ধ শেষ করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় মিলিত হওয়ার কথা থাকলেও তেহরান বলছে, অবরোধ তুলে নেওয়া না হলে আলোচনায় বসবে না তারা।
ফলে দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই দুপক্ষ ইসলামাবাদে আলোচনায় বসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এক সপ্তাহ আগে ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ-অবরোধ শুরু করে মার্কিন নৌবাহিনী। মার্কিন বাহিনীর যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালির অদূরে ওমান উপসাগর ও উত্তর আরব সাগরে অবস্থান নিয়ে আছে। রোববার এই জলসীমায় তারা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো একটি ইরানি পণ্যবাহী জাহাজে গোলাবর্ষণ করার পর সেটি জব্দ করেছে। জাহাজটি চীন থেকে পণ্য নিয়ে ইরানের বন্দর আব্বাসে যাচ্ছিল।
ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা, বিক্ষোভে গিয়ে আটক ৬০
যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা ইরানে নতুন করে কোনো যুদ্ধ চান না। এই দাবির প্রেক্ষিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনে বিক্ষোভ করেছেন তারা। সোমবার আয়োজিত এই বিক্ষোভে স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে সরব হন সাবেক সেনাসদস্যরা। অপ্রীতিকর পরিস্থিতির এক পর্যায়ে পুলিশ অন্তত ৬০ জনকে আটক করেছে।
‘অ্যাবাউট ফেস’ নামের একটি সংগঠনের ব্যানারে ওয়াশিংটন ডিসির ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এই বিক্ষোভের আয়োজন করা হয়। সাবেক এই সেনাসদস্যদের মূল দাবি হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী নীতির বিরুদ্ধে কংগ্রেসকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তাদের মতে, যুদ্ধ ঠেকানোর ক্ষমতা কংগ্রেসের হাতেই ন্যস্ত।
ট্রাম্পের দাবিতে বিভ্রান্তি, ভ্যান্সের পাকিস্তান সফরসহ একাধিক বক্তব্যে মিথ্যাচার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে যে মন্তব্য করেছেন, তা বাস্তবতার সঙ্গে মেলেনি বলে জানা গেছে। সোমবার সকালে দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য ভ্যান্স ইতিমধ্যেই পাকিস্তানের পথে রয়েছেন এবং সেদিন রাতেই ইসলামাবাদে পৌঁছাবেন।
কিন্তু পরে বিষয়টি ভুল প্রমাণিত হয়। ভ্যান্সের সফরসূচি সম্পর্কে অবগত সূত্রগুলো সিএনএন’কে জানায়, তিনি মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল, বুধবার শুরু হতে যাওয়া আলোচনায় অংশ নিতে।
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ভ্যান্সের গাড়িবহর হোয়াইট হাউসে দেখা যাওয়ায় ট্রাম্পের বক্তব্য নিয়ে আরও সন্দেহ তৈরি হয়। অনেকেই এটিকে সাধারণ ভুল হিসেবে দেখলেও সাম্প্রতিক সময়ে ট্রাম্পের ধারাবাহিক ভুল বা বিভ্রান্তিকর মন্তব্য নিয়ে প্রশ্ন বাড়ছে।
ইসরায়েলি বাহিনীকে ‘পৃথিবীর নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ ইসরায়েলি সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে এক ফিলিস্তিনি শিশুর ওপর ইসরায়েলি সেনাদের বর্বরোচিত নির্যাতনের দৃশ্য দেখার পর তিনি এই তীব্র প্রতিক্রিয়া জানান।
আলবানিজ তার অফিশিয়াল অ্যাকাউন্টে অত্যন্ত কঠোর ভাষায় উল্লেখ করেন, ইসরায়েলি সৈন্যদের এই ধরনের কর্মকাণ্ড মানবিকতার সব সীমা অতিক্রম করেছে এবং তারা পদ্ধতিগতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
জব্দ করা জাহাজ যুক্তরাষ্ট্র ফেরত না দিলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান
ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ এবং এর আরোহীদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তেহরান। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং একটি ‘ক্রিমিনাল’ বা অপরাধমূলক কাজ হিসেবে অভিহিত করা হয়েছে।
ইরান সরকার স্পষ্টভাবে জানিয়েছে, জাহাজটিসহ এর নাবিক, ক্রু ও তাঁদের পরিবারের সদস্যদের দ্রুত মুক্তি না দিলে জাতীয় স্বার্থ রক্ষায় তেহরান কঠোর পালটা ব্যবস্থা গ্রহণ করবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এই উত্তেজনার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই ঘটনাকে একটি ‘অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তেহরান সতর্ক করে বলেছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যেকোনো পর্যায়ের সক্ষমতা ব্যবহার করতে দ্বিধা করবে না।
ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার জনসভার কড়া ভাষা ও আক্রমণাত্মক বক্তব্য কমিয়ে আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
মঙ্গলবার দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ সরাসরি ওয়াশিংটনের কাছে বার্তা পাঠিয়ে ট্রাম্পকে জনসমক্ষে কঠোর ভাষা প্রয়োগ থেকে বিরত থাকতে সতর্ক করেছে। পাকিস্তানের আশঙ্কা, ট্রাম্পের এ ধরনের উসকানিমূলক মন্তব্য আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া উচ্চপর্যায়ের শান্তি আলোচনার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করতে পারে।
আবারও মার্কিন গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলার সংবাদ পরিবেশন নিয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় সময় সোমবার নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। ফলে এগুলো পুনরুদ্ধার করা দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ভুয়া সংবাদ পরিবেশনকারী সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক আমাদের সাহসী পাইলটদের প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ। তাদেরকে সবসময় ছোট করে দেখানোর চেষ্টা করে।’
এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ‘অনেক ব্যবধানে’ জিতছেন। তবে নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমনভাবে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে যেন যুক্তরাষ্ট্র যুদ্ধে হেরে যাচ্ছে।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান
যুদ্ধবিরতি মেয়াদ বৃদ্ধি এবং সংঘাতের অবসানে সংলাপ ও কূটনীতিকে সুযোগ দিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে উভয় দেশের প্রতিনিধিদের শান্তি আলোচনা শুরুর আগে মঙ্গলবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ওই আহ্বান জানিয়েছেন।
যদিও শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাতালি বেকারের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়ার বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান জানান।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, বৈঠকে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে বলেছেন, যে কোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র কার্যকর মাধ্যম হলো সংলাপ ও কূটনীতি।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ৪০ দিনে নিহত ১৩ মার্কিন সেনা, আহত ৪ শতাধিক
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর বোমাবর্ষণের মধ্যে দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। টানা ৪০ দিন এ যুদ্ধ চলার পর গত ৮ এপ্রিল অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান।
এই ৪০ দিনের যুদ্ধে মোট নিহত এবং আহত মার্কিন সেনাদের সংখ্যা জানিয়ে সোমবার একটি বিবৃতি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর পেন্টাগন। সেই বিবৃতির তথ্য অনুসারে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত ইরানি প্রতিরক্ষা বাহিনীর হামলায় নিহত হয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন ৪১৫ জন। ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত দুই যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের।
বাংলাদেশের খবর/আরইউ

