ইরান চায় খুলতে, হরমুজ প্রণালি বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:০০
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। আর ইরান নিজেদের আর্থিক ক্ষতি এড়াতে এ সমুদ্রপথ খুলে দিতে চাইছে। আপাতত মুখরক্ষা করতে হরমুজ প্রণালি বন্ধ রেখেছে তেহরান।
এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প এমন দাবি করেন।
পোস্টে ট্রাম্প লিখেন, ‘হরমুজ প্রণালি বন্ধ থাক, এটা ইরান চায় না। তারা এটা খোলা দেখতে চায়। যাতে তারা প্রতিদিন এখান থেকে ৫০০ মিলিয়ন ডলার আয় করতে পারে (প্রণালিটি বন্ধ থাকলে তারা ক্ষতির শিকার হবে!)।’
‘তারা এটা (হরমুজ প্রণালি) বন্ধ রাখতে চায় একটা কারণেই যে, আমি এ পথ পুরোপুরি অবরোধ করে রেখেছি (বন্ধ করে দিয়েছি!)। তাই তারা কেবল মুখরক্ষা করতে চাইছে’—বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘চারদিন আগেই লোকজন আমাকে বলেছিল, ‘স্যার, ইরান অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে চায়।’
‘কিন্তু আমরা যদি সেটা করি, তাহলে ইরানের সঙ্গে কখনোই কোনো চুক্তি করা যাবে না, যদি না আমরা তাদের দেশের বাকি অংশ, তাদের নেতাদেরসহ উড়িয়ে না দিই!’—হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ সংবাদপত্রের একটি কলামের কড়া সমালোচনা করেছেন। ওই নিবন্ধে দাবি করা হয়েছিল যে ইরানের নেতৃত্ব মার্কিন প্রেসিডেন্টকে ‘বোকা’ ভাবছে।
জবাবে ট্রাম্প বলেন, গত ৪৭ বছর ধরে তেহরান বর্তমান প্রেসিডেন্টের আগ পর্যন্ত প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টের সুযোগ নিয়েছে।
ট্রাম্প লিখেছেন, আর আমি তাদের কী দিয়েছি? একটি জরাজীর্ণ দেশ!
এরপর ট্রাম্প এক দীর্ঘ দাবি তুলে ধরে বলেন, ইরানের পুরো নৌবাহিনী সমুদ্রের তলদেশে, তাদের বিমানবাহিনী নেই, তাদের বিমান বিধ্বংসী ব্যবস্থা ও রাডার ধ্বংস হয়ে গেছে এবং তাদের পরমাণু গবেষণাগার ও গুদামগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন যে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরান প্রতিদিন ৫০ কোটি ডলার লোকসান করছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকেই ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে ইরানের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গেছে। তবে বাস্তবে ইরানি বাহিনী এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখতে সক্ষম হয়েছে।
বাংলাদেশের খবর/আরইউ

