হরমুজে মিত্রদের জন্য ফি মওকুফ করলো ইরান, তালিকায় যারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৫:১৪
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ব্যবহারকারী কিছু দেশকে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
শুক্রবার (২৪ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বন্ধুপ্রতিম’ রাষ্ট্রগুলোর জন্য এই পথ দিয়ে চলাচলে নির্ধারিত ফি মওকুফ করা হয়েছে।
মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, বর্তমানে কয়েকটি দেশের জন্য এই ছাড় কার্যকর রয়েছে।
বিশেষ করে রাশিয়ার মতো দেশের ক্ষেত্রে এই সুবিধা প্রয়োগ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
জালালি বলেন, ভবিষ্যতে এই নীতির কী পরিবর্তন হতে পারে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আপাতত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যতিক্রমী সুবিধা কার্যকর রাখতে কাজ করছে।
যুক্তরাষ্ট্রের আরোপিত সামুদ্রিক অবরোধ এবং চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই সিদ্ধান্ত কৌশলগত বার্তা বহন করছে।
এর মাধ্যমে একদিকে মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা হচ্ছে, অন্যদিকে হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছে তেহরান।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র।
জানা গেছে, দেশটির বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ সেন্টকমের দায়িত্বপূর্ণ এলাকায় এরই মধ্যে প্রবেশ করেছে।
সেন্টকম জানিয়েছে, রণতরীটি বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে এবং ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে।
তবে এটি আগে থেকেই মোতায়েন থাকা বাহিনীর সঙ্গে যোগ দেবে নাকি কোনো জাহাজকে প্রতিস্থাপন করবে—সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
মার্চের শেষ দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, অনেক জাহাজ মালিক বা দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যাতে তারা নিরাপদে প্রণালি পার হতে পারে। যেসব দেশকে আমরা বন্ধু মনে করি বা বিশেষ কারণে অনুমতি দিই, তাদের জন্য আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ চলাচলের ব্যবস্থা করছে।
সে সময় আরাগচির বক্তব্যে ইরানের বন্ধুদেশ হিসেবে বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের নাম উল্লেখ ছিল। তবে এখনো এই দেশগুলো ইরানের মিত্র হিসেবে আছে কিনা তা নিশ্চিত নয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে সম্প্রতি হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর টোল আদায়ের ঘোষণা দিয়েছিল ইরান। তবে রাশিয়ার মতো ঘনিষ্ঠ মিত্রদের জন্য এই ফি মওকুফের সিদ্ধান্ত ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাদেশের খবর/এইচআর

