মার্কিন সেনার বিরুদ্ধে মাদুরোকে নিয়ে জুয়ার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ২০:৫৭
নিকোলাস মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার সামরিক অভিযানে অংশ নেওয়া এক মার্কিন সেনার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসারে, ওই সেনা অভিযানের গোপন তথ্য ব্যবহার করে অনলাইনে বাজি ধরে ৪ লাখ ডলারেরও বেশি আয় করেছেন। এই ‘ইনসাইডার ট্রেডিং’ বা গোপন তথ্য পাচারের অভিযোগে বর্তমানে তিনি শ্রীঘরে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে,
অভিযুক্ত সেনার নাম গ্যানন কেন ভ্যান ডাইক। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত ও বন্দি করার যে সামরিক অপারেশন পরিচালিত হয়েছিল, ভ্যান
ডাইক তার পরিকল্পনা ও বাস্তবায়নের সাথে যুক্ত ছিলেন।
তদন্তে দেখা গেছে, গত ডিসেম্বরের শুরু
থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত তিনি জনপ্রিয় প্রেডিকশন মার্কেট ওয়েবসাইট ‘পলিমার্কেট’-এ ১৩ বার বাজি
ধরেন। বাজির বিষয় ছিল—মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় আক্রমণ করবে
কি না এবং মাদুরোকে বন্দি করা হবে কি না। যেহেতু তিনি নিজে এই অভিযানের অংশ ছিলেন,
তাই আগে থেকেই ফলাফল জানতেন এবং সেই তথ্যের অপব্যবহার করে প্রায় ৪,০০,০০০ ডলার (বাংলাদেশি
মুদ্রায় প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকা) হাতিয়ে নেন। ভ্যান ডাইকের বিরুদ্ধে কমোডিটি অ্যান্ড
ওয়্যার ফ্রড এবং ব্যক্তিগত লাভের জন্য সরকারি গোপন তথ্য অবৈধভাবে ব্যবহারের অভিযোগ
আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এফবিআই-এর ভারপ্রাপ্ত পরিচালক জেমস সি
বার্নাকল জুনিয়র এই ঘটনাকে সহযোদ্ধাদের সাথে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত
করেছেন। এফবিআই পরিচালক কাশ প্যাটেল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “একজন মার্কিন
সেনা একটি ন্যায়সংগত সামরিক অভিযান থেকে ব্যক্তিগত মুনাফা লাভের জন্য নিজের পদের অপব্যবহার
করেছেন। তদন্ত এখনো চলছে।”
পলিমার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিজেরাই
এই সন্দেহভাজন লেনদেনের বিষয়টি বিচার বিভাগকে অবহিত করেছে। কোম্পানিটি এক বিবৃতিতে
বলেছে, “পলিমার্কেটে ইনসাইডার
ট্রেডিংয়ের কোনো স্থান নেই। আজকের এই গ্রেফতার প্রমাণ করে যে আমাদের সিস্টেম কাজ করছে।”
এদিকে, রাজনৈতিক অঙ্গনে বাজি ধরার বিতর্ক
আরও জোরালো হয়েছে। সম্প্রতি তিনজন মার্কিন কংগ্রেস প্রার্থী নিজেদের জয়ের ওপর বাজি
ধরে জরিমানা গুনেছেন। এমনকি ইরান যুদ্ধের ফলাফল নিয়ে আগাম বাজি ধরে ১ বিলিয়ন ডলার লাভের
গুঞ্জনও শোনা যাচ্ছে।
ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যান ডাইকের এই কর্মকাণ্ডকে কিংবদন্তি বেসবল খেলোয়াড়
পিট রোজের সাথে তুলনা করেছেন। উল্লেখ্য, পিট রোজ নিজের দলের ম্যাচেই বাজি ধরার কারণে
নিষিদ্ধ হয়েছিলেন। ট্রাম্প বলেন, “এটি অনেকটা পিট
রোজের নিজের টিমের ওপর বাজি ধরার মতো। দুর্ভাগ্যবশত পুরো পৃথিবীটাই এখন একটা ক্যাসিনো
হয়ে গেছে।”
বাংলাদেশের খবর/এম.আর

