Logo

আন্তর্জাতিক

যাত্রীবাহী বাস উল্টে নিহত ১৬, আহত ২০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৬:০২

যাত্রীবাহী বাস উল্টে নিহত ১৬, আহত ২০

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, বাসটি ওয়েস্টার্ন কেপের কেপ টাউন থেকে ইস্টার্ন কেপের ইদুত্যুয়া শহরের উদ্দেশ্যে ৭৮ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে একটি ডেলিভারি ভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বাসচালক হঠাৎ মোড় নিলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি উল্টে যায়।

রোড ট্র্যাফিক ম্যানেজমেন্ট করপোরেশনের (আরটিএমসি) মুখপাত্র সাইমন জোয়ানে বলেন, প্রথমে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তদন্তের পর নিহতের সংখ্যা ১৬ জনে পৌঁছায়।

আহতদের কেপ টাউন থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের ওরচেস্টার শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অন্তত ৪৩ জন যাত্রী চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে আরটিএমসি ও দক্ষিণ আফ্রিকার পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। এদিকে শীত মৌসুমে ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

তাদের মতে, কুয়াশা, ধোঁয়া, কালো বরফ এবং কম দৃশ্যমানতার কারণে এ সময় সড়কগুলো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

উল্লেখ্য, বুধবার লিম্পোপো প্রদেশের বেইটব্রিজ সীমান্ত এলাকায় মালাউইয়ের যাত্রী বহনকারী একটি বাস দুর্ঘটনায় চালক নিহত হয়েছিলেন। ফলে এক সপ্তাহের মধ্যেই দক্ষিণ আফ্রিকায় এটি দ্বিতীয় বড় বাস দুর্ঘটনা।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন