Logo

আইন ও বিচার

কার্নিশে ঝুলে থাকা আমিরকে গুলি : ট্রাইব্যুনালে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:০৩

কার্নিশে ঝুলে থাকা আমিরকে গুলি :  ট্রাইব্যুনালে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

রাজধানীর রামপুরায় জুলাই গণঅভ্যুত্থনের সময় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আজ পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ।

সোমবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ সাক্ষ্যগ্রহণ শুরু করবেন।

প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সোমবার দুইজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত ছয়জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছে ট্রাইব্যুনাল।

এর আগে গত ৪ নভেম্বর পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া খান ও তদন্ত সংস্থার সহকারী লাইব্রেরিয়ান কনস্টেবল আবু বকর সিদ্দিক সাক্ষ্য দেন। তাদের জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন ও গ্রেপ্তার চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারওয়ার জাহান। 

এ মামলায় গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। হাবিবুর ছাড়া অন্য আসামিরা হলেন- খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। গত ১০ আগস্ট তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার বনশ্রী এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন নাদিম মিজান ও মায়া ইসলাম। গুলিবিদ্ধ হন ছয় বছর বয়সী বাসিত খান মুসা ও কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেন।

গত ২৬ জানুয়ারি খাগড়াছড়ির দীঘিনালা থেকে এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে ডিএমপির একটি দল। অভিযানে নেতৃত্ব দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থান গণঅভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন