Logo

আইন ও বিচার

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম কারাগারে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৮:২৬

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম কারাগারে

আর এস ফাহিম

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান।

পরে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে তাকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তোলা হয়। কড়া পুলিশি নিরাপত্তায় মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় তাকে। কাঠগড়ায় তোলার সময় তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। এ সময় তার আইনজীবীরা তাকে শান্ত থাকার পরামর্শ দেন।

আসামিপক্ষ থেকে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন।

এর আগে রোববার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে তাকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং সেখান থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। অভিযোগ অনুযায়ী, তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়।

এ ঘটনায় ভিকটিম মো. ইমরান (৩০) কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে স্লোগান দিলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

ঘটনার পর ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় এ হত্যা মামলা দায়ের করা হয়।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন