Logo

আইন ও বিচার

সাগর-রুনি হত্যার প্রতিবেদন এবার ৬ মাস পেছাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৫:৪২

সাগর-রুনি হত্যার প্রতিবেদন এবার ৬ মাস পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি। শেষবারের মতো আরও ছয় মাস সময় বেধে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান। হাইকোর্ট জানান, সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি হওয়া প্রতিবেদন টাস্কফোর্স কমিটি হাইকোর্টের কাছে পাঠিয়েছে। পরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও ছয় মাস সময় চান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রিটকারী আইনজীবীরা তিন মাস সময় দিতে বললে হাইকোর্ট ছয় মাসের নির্দেশ দেন।

এদিন আলোচিত এ মামলায় ১৩ বছরেও চার্জশিট দিতে না পারায় তা বেদনাদায়ক বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

এর আগে গত বছরের ২৩ অক্টোবর সাংবাদিক দম্পতি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে টাস্কফোর্স কমিটিকে ছয় মাসের সময় দিয়েছিলেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ। তখন আদালত বলেছিলেন, শেষবারের মতো সময় দেওয়া হলো। এই ছয় মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। কিন্তু সে সময়ও প্রতিবেদন দিতে ব্যর্থ হয় কমিটি।

২০২৪ সালের অক্টোবরে হাইকোর্টের নির্দেশে এ মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। কমিটিতে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার নিচে নয়-পুলিশ, সিআইডি ও র‌্যাবের একজন করে প্রতিনিধি রাখা হয়েছিল।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় দুর্বৃত্তরা সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে হত্যা করে। এ ঘটনায় ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো বিচারপ্রক্রিয়া শুরু হয়নি।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন