চিন্ময়ের জামিন ঘিরে সহিংসতা:
আলিফ হত্যা মামলার তদন্তে এবার পিবিআই
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৬:৫৬
সংগৃহীত
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী–এর জামিন আবেদনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তভার এবার পুলিশের বিশেষায়িত সংস্থা পিবিআইকে দেওয়া হয়েছে। দীর্ঘদিন তদন্তের পরও দৃশ্যমান অগ্রগতি না থাকায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে মামলাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৩ মে) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন–কে তদন্তভার বুঝিয়ে দিতে নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক।
মামলাটি করেছিলেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ–এর ভাই জানে আলম। এতদিন মামলার তদন্ত করছিল ডিবি উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা কামাল।
আদালত সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলাটির তদন্ত দীর্ঘদিন ধরে চললেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এতে অসন্তোষ প্রকাশ করে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেন মামলার বাদী।
মামলার আইনজীবী ও চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, বাদীপক্ষের আবেদনের শুনানি শেষে আদালত অধিকতর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে পিবিআইকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন।
শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন বিদায়ী তদন্ত কর্মকর্তা মোস্তফা কামাল। মামলার অগ্রগতি নিয়ে আদালতের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা মিলিয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ আসামি থাকলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্তেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় আদালত শেষ পর্যন্ত তদন্ত সংস্থা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর পরপরই আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সহিংস রূপ নিলে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে রঙ্গম কনভেনশন গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পর হত্যা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়।
বাংলাদেশেরখবর/আরকে

