১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৭:৪৪
সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী–এর বিরুদ্ধে দায়ের করা আরও দুটি মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তার বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলাতেই জামিন বহাল থাকলো এবং কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক–এর আদালত এ আদেশ দেন। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখা হয়।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বলেন, “সাবেক মেয়র আইভীর কারামুক্তিতে এখন আর কোনো বাধা নেই।”
এর আগে গত ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টাসহ পৃথক ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ওই আদেশ দেন।
মামলাগুলোর মধ্যে গত বছরের নভেম্বরে পাঁচটি মামলায় হাইকোর্ট জামিন দেন। ওই মামলাগুলোর মধ্যে তিনটি হত্যা এবং দুটি হত্যাচেষ্টা মামলা ছিল। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পর চেম্বার আদালত সাময়িকভাবে জামিন স্থগিত করলেও পরবর্তীতে আপিল বিভাগ শুনানি শেষে জামিন বহাল রাখেন।
পরবর্তীতে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হলে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের আরেকটি বেঞ্চ সেসব মামলায় জামিন দেন। এসব মামলার মধ্যে ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন ও পারভেজ হত্যা মামলা রয়েছে। এছাড়া সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করা হয়।
এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে গত ৫ মার্চ চেম্বার আদালত জামিন স্থগিত করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। পরে শুনানি শেষে ১০ মামলায়ই জামিন বহাল থাকে।
সর্বশেষ আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর গত ৩০ এপ্রিল হাইকোর্ট আইভীকে জামিন দেন। রোববার আপিল বিভাগের চেম্বার আদালত সেই দুই মামলার জামিনও বহাল রাখেন।
বাংলাদেশেরখবর/আরকে

