৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ উন্নয়ন প্রকল্প একনেকে পাস
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৭:৪৮
ছবি : সংগৃহীত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলোর অর্থের সংস্থান হবে সরকারের নিজস্ব তহবিল থেকে।
সোমবার (১০ নভেম্বর) চলতি অর্থবছর (২০২৫-২৬)-এর পঞ্চম একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা অনুষ্ঠিত হয় পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে এনইসি সম্মেলন কক্ষে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপার্সন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আটটি নতুন, দুটি সংশোধিত এবং দুটি প্রকল্পে ব্যয় বৃদ্ধি ছাড়া শুধু সময় বৃদ্ধি করা হয়েছে।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সেলেহউদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অনুমোদিত ১২টি প্রকল্প হলো—
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) – ২টি প্রকল্প
১. ‘মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’, ব্যয় ৪৫০ কোটি টাকা।
২. ‘সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’, ব্যয় ১,৯৩০ কোটি টাকা।
কৃষি মন্ত্রণালয়– ১টি প্রকল্প
৩. ‘কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওর এলাকায় ক্ষুদ্রসেচ ব্যবস্থাপনার উন্নয়ন’, ব্যয় ১৬৪.৯৪ কোটি টাকা।
শিক্ষা মন্ত্রণালয় – ২টি প্রকল্প
৪. ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন’, ব্যয় ৫৬৭.২৯ কোটি টাকা।
৫. ‘চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’, অতিরিক্ত ব্যয় ৩৯৪.৮৪ কোটি টাকা।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় – ১টি প্রকল্প
৬. ‘সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকায় স্বাধীনতা স্মৃতিসৌধ নির্মাণ (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত)’।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় – ৩টি প্রকল্প
৭. ‘চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পারিবারিক পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবার অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন (প্রথম সংশোধিত)’।
৮. ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন’, ব্যয় ২১১.৯০ কোটি টাকা।
৯. ‘পিএফডি, এইচইএফ, আইএফএম, এইচআরডি এবং এসডব্লিউপিএমএম-এর অত্যাবশ্যকীয় অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়ন’, ব্যয় ১,৫৪৬.৪৫ কোটি টাকা।
প্রতিরক্ষা মন্ত্রণালয় – ১টি প্রকল্প
১০. ‘ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসারদের বাসস্থান নির্মাণ’, ব্যয় ১৭৭.৮০ কোটি টাকা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় – ১টি প্রকল্প
১১. ‘নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধিত, চতুর্থবার সময় বৃদ্ধি)’।
শিল্প মন্ত্রণালয় – ১টি প্রকল্প
১২. ‘বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল (তৃতীয় সংশোধিত)’, অতিরিক্ত ব্যয় ৩৯.৪৩ কোটি টাকা।
সভায় পরিকল্পনা উপদেষ্টা পূর্বে অনুমোদিত নয়টি প্রকল্প সম্পর্কেও সদস্যদের অবহিত করেন।
এমএইচএস

