দ্বিগুণের বেশি দামে ২ কার্গো এলএনজি কিনল সরকার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ২২:৩৪
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। দীর্ঘমেয়াদি চুক্তি থাকা সত্ত্বেও কাতারসহ বিভিন্ন দেশ থেকে সময়মতো এলএনজি সরবরাহ বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার দ্বিগুণেরও বেশি দামে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনেছে।
শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)–এর পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংকট মোকাবিলায় স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কেনা হয়েছে। এর মধ্যে একটি কার্গো আগামী ১৫ বা ১৬ মার্চ এবং অন্যটি ১৮ মার্চ দেশে পৌঁছানোর কথা রয়েছে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এলএনজি কিনতে অনেক বেশি দাম গুনতে হচ্ছে। একটি কার্গো প্রায় দ্বিগুণ এবং অন্যটি দ্বিগুণেরও বেশি দামে কেনা হয়েছে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, গত মাসে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনতে যেখানে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা খরচ হয়েছিল, সেখানে এবার একই পরিমাণ এলএনজি কিনতে ব্যয় হচ্ছে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। ফলে অতিরিক্ত প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা বেশি খরচ করতে হচ্ছে সরকারকে।
সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গানভোর গ্রুপ থেকে কেনা এক কার্গো এলএনজির প্রতি ইউনিটের দাম পড়ছে ২৮ দশমিক ২৮ ডলার। আর ভিটল কোম্পানি থেকে কেনা অন্য কার্গোটির প্রতি ইউনিটের দাম ২৩ দশমিক ০৮ ডলার। গানভোরের সরবরাহ করা এলএনজি কার্গোটির মোট মূল্য প্রায় ১ হাজার ২৭৯ কোটি টাকা, যা চলতি বছরের জানুয়ারিতে একই ধরনের চালানের জন্য ছিল প্রায় ৫০০ কোটি টাকা।
এএস/

