Logo

জাতীয়

ঐতিহাসিক ৭ মার্চ আজ : স্বাধীনতার ডাকের সেই অমর দিনে নেই কোনো রাষ্ট্রীয় আয়োজন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:০৮

ঐতিহাসিক ৭ মার্চ আজ : স্বাধীনতার ডাকের সেই অমর দিনে নেই কোনো রাষ্ট্রীয় আয়োজন

আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসে এটি এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দান— বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙালিকে স্বাধীনতার সংগ্রামের চূড়ান্ত আহ্বান জানিয়েছিলেন।

সেদিনের সেই ভাষণে বঙ্গবন্ধু ঘোষণা করেন— ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ তার এই উচ্চারণই পাকিস্তানি শাসন-নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করে তোলে।

১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার পরিবেশ ছিল আন্দোলনের উত্তাল আবহে মুখর। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ মিছিল করে, বাস-লঞ্চ-ট্রেনে করে রেসকোর্স ময়দানে সমবেত হন। ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয় বিশাল সেই ময়দান।

বিকেল ৩টা ২০ মিনিটে সাদা পায়জামা-পাঞ্জাবি ও কালো কোট পরিহিত বঙ্গবন্ধু মঞ্চে ওঠেন। উপস্থিত জনতার স্লোগান ও করতালির মধ্যে তিনি শুরু করেন তার ঐতিহাসিক ভাষণ। মাত্র ১৮ মিনিটের সেই ভাষণে তিনি সামরিক আইন প্রত্যাহার, সেনাবাহিনীর ব্যারাকে প্রত্যাবর্তন, শহীদদের ক্ষতিপূরণ এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিসহ চার দফা ঘোষণা করেন।

একই সঙ্গে তিনি বাঙালি জাতিকে চূড়ান্ত সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব— এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।’

সেদিন বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় ঢাকা বেতার। সম্প্রচার শুরু হলেও সামরিক কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। প্রতিবাদে বেতারের বাঙালি কর্মীরা সম্প্রচার কেন্দ্র ত্যাগ করেন। পরে গভীর রাতে সামরিক কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর ভাষণ পূর্ণাঙ্গভাবে প্রচারের অনুমতি দিতে বাধ্য হয়।

৭ মার্চের ভাষণ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। মূলত এই ভাষণের আহ্বানেই জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

দীর্ঘ নয় মাসের সশস্ত্র যুদ্ধ শেষে ৩০ লাখ শহীদের আত্মদান ও অসংখ্য ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় বাংলাদেশের চূড়ান্ত বিজয়।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আজ বিশ্বজুড়েও অনন্য মর্যাদায় স্বীকৃত। ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো ভাষণটিকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেয়। এর আগে বিবিসির এক জরিপে এটি বিশ্বের সেরা ঐতিহাসিক ভাষণগুলোর অন্যতম হিসেবে স্থান পায়। ভাষণটি বিশ্বের বহু ভাষায় অনূদিত হয়েছে।

তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার ঐতিহাসিক ৭ মার্চে নেই কোনো রাষ্ট্রীয় আয়োজন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। অন্তর্বর্তী সরকারের জারি করা সেই নিষেধাজ্ঞা বর্তমানে বহাল রয়েছে বিএনপি সরকারের আমলেও। ফলে গত বছরের মতো এবারও দিবসটি ঘিরে আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবেও দিবসটি উপলক্ষে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হয়নি।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেখ মুজিবুর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর