Logo

জাতীয়

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৫৩

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন

বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচনকে ঘিরে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বগুড়া-৬ আসনের জন্য বগুড়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আহসান হাবিবকে এবং শেরপুর-৩ আসনের জন্য শেরপুর জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মোরশেদুল আলমকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। বর্তমানে এসব মনোনয়নপত্র নিয়ে আপিল নিষ্পত্তির প্রক্রিয়া চলছে।

অন্যদিকে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনেও রিটার্নিং কর্মকর্তার বাছাই কার্যক্রম শেষ হয়েছে এবং আপিল নিষ্পত্তির প্রক্রিয়া চলছে।

তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১৬ মার্চ থেকে ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর